


সম্ভল: এলাহাবাদ হাইকোর্টের নির্দেশে বিদ্যুৎ দপ্তরকে ৬ লক্ষ টাকা জমা দিলেন সম্ভলের সপা সাংসদ জিয়াউর রহমান বারক। সমাজাবাদী পার্টির এই নেতার বিরুদ্ধে বিদ্যুৎ চুরির অভিযোগ উঠেছিল। সেই পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।
ঘটনার সূত্রপাত ২০২৩ সালের ডিসেন্বরে। ১৭ ডিসেম্বর সপা সাংসদের বাড়িতে স্মার্ট মিটার বসায় বিদ্যুৎ দপ্তর। ১৯ ডিসেম্বর খরচ হওয়া বিদ্যুতের পরিমাণ খতিয়ে দেখেন আধিকারিকরা। তাতেই চুরির বিষয়টি ধরা পড়ে। বারকের বিরুদ্ধে বিদ্যুৎ চুরির অভিযোগ আনা হয়। ১ কোটি ৯১ লক্ষ টাকা জরিমানাও করা হয়। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হন বারক। ৩ জুন সপা সাংসদকে ৬ লক্ষ টাকা জমা করার নির্দেশ দেয় এলাহাবাদ হাইকোর্ট। সেইমতো সোমবার বিদ্যুৎ দপ্তরে ৬ লক্ষ টাকার ডিমান্ড ড্রাফ্ট জমা করেন বারকের আইনজীবী ফরিদ আহমেদ।