


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিশ্ব পরিবেশ দিবস আসছে। পাঁচ জুন অর্থাত্ বৃহস্পতিবার গোটা পৃথিবীর সঙ্গে রাজ্যেও পালিত হবে পরিবেশ দিবস। তার প্রাক্কালে পরিবেশ কর্মীদের সংগঠন ‘সবুজ মঞ্চ’ নাগরিক সমাজের কাছে পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাল। এই বছর পরিবেশ দিবসে রাষ্ট্রসঙ্ঘের থিম ‘প্লাস্টিক দূষণের অবসান’। বৃহস্পতিবার কলকাতার প্রেস ক্লাবে ‘সবুজ মঞ্চ’ সাংবাদিক সম্মেলন করে।
সংগঠনের সাধারণ সম্পাদক নব দত্তর দাবি, ‘সরকার, বিভিন্ন বেসরকারি সংস্থা, ক্ষমতাশালী মানুষ পরিবেশ দিবসের দিন আড়ম্বরের সঙ্গে গাছ বসাবেন। তাঁরাই আবার পরিবেশ ধ্বংসের সঙ্গে যুক্ত। এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’ সংগঠনের তরফে বিভিন্ন জেলা থেকে প্রতিনিধিরা আসেন। দক্ষিণ ২৪ পরগনার প্রতিনিধি নিজের জেলার ভূগর্ভস্থ জলের সমস্যার কথা তুলে ধরেন। হুগলি জেলার প্রতিনিধি বাড়তে থাকা ডিজে বক্সের সমস্যা নিয়ে সরব হন। এছাড়াও হাওড়া জেলার আবর্জনা ব্যবস্থাপনা, ঝাড়গ্রাম ও কলকাতায় যথেচ্ছভাবে গাছ কাটার বিরুদ্ধে সরব হয় পরিবেশ কর্মীদের এই সংগঠন।