


নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: হোলি এবং দোলযাত্রা উৎসবের আগে দেশের প্রায় সাড়ে সাত কোটি ইপিএফ গ্রাহক এবং প্রায় ৭০ লক্ষ ইপিএফ পেনশন প্রাপককে কোনো সুখবর শোনাতে পারল না কেন্দ্রের মোদি সরকার। ২০২৫-২৬ আর্থিক বছরের নিরিখে ইপিএফে সুদের হার বৃদ্ধি করা হল না। ৮.২৫ শতাংশ হারে অপরিবর্তিতই রেখে দেওয়া হল। সোমবার দিল্লিতে শ্রমমন্ত্রকের আওতাধীন কর্মচারী ভবিষ্যনিধি সংগঠনের (ইপিএফও) অছি পরিষদের ২৩৯তম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানেই কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মাণ্ডব্য ইপিএফে সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন। একইসঙ্গে এদিনের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে, এক হাজার টাকা কিংবা তার কম অর্থ রয়েছে, এমন নিষ্ক্রিয় ইপিএফ অ্যাকাউন্টের টাকা অটো-সেটলমেন্ট করে দেওয়া হবে।