


নয়াদিল্লি: পথ দেখিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তাঁর দেখানো পথেই হাঁটতে চলেছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আবগারি দুর্নীতি মামলায় নিজেই সওয়াল করতে চেয়ে সোমবার দিল্লি হাইকোর্টে আবেদন জানান তিনি। এই মামলার শুনানি থেকে বিচারপতি স্বর্ণকান্ত শর্মাকে সরিয়ে নেওয়ার জন্য আদালতে আবেদন জানিয়েছেন কেজরিওয়াল সহ অন্য অভিযুক্তরা।
আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়াল সহ ২৩ জন অভিযুক্তকে স্বস্তি দিয়েছিল দিল্লির নিম্ন আদালত। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয় তদন্তকারী সংস্থা। হাইকোর্টের বিচারপতি স্বর্ণকান্ত শর্মা জানান, নিম্ন আদালতের নির্দেশ ত্রুটিপূর্ণ। ওই নির্দেশে ১৬ মার্চ পর্যন্ত স্থগিতাদেশ দেওয়া হয়। এর পরেই বেঞ্চ বদলের আবেদন জানায় আপ। জানা গিয়েছে, কেজরিওয়াল সহ সকল অভিযুক্তকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে সিবিআইয়ের দায়ের করা আবেদনের শুনানি থেকে বিচারপতি স্বর্ণকান্ত শর্মাকে সরিয়ে নেওয়ার আরজি জানিয়ে দিল্লি হাইকোর্টে সশরীরে উপস্থিত হন প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এদিন তাঁর সেই আবেদন গ্রহণ করেন বিচারপতি স্বর্ণকান্ত শর্মা নিজেই। আগামী ১৩ এপ্রিল মামলার শুনানি।
মাসখানেক আগে সুপ্রিম কোর্টে নিজের দায়ের করা এসআইআর মামলায় সওয়াল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুনানিতে আইনজীবীদের কালো কোট পড়ে গেলেও সাধারণ নাগরিক হিসাবেই সওয়াল করেছিলেন তিনি। আইনে স্নাতক মমতা এক সময় আইনজীবী হিসাবে মামলাও লড়েছেন। কিন্তু মুখ্যমন্ত্রী পদে থেকে এর আগে কখনও কেউ সুপ্রিম কোর্টে সওয়াল করেননি। রাজনৈতিক মহলের মতে, অরবিন্দ কেজরিওয়ালের আইনি ডিগ্রি না থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সুপ্রিম কোর্টে সওয়াল করার আবেদন জানান দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী। যদিও এদিন কেজরিওয়ালের সেই আবেদনের পরেই সুর চড়ান সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি জানান, কেজরিওয়াল যদি নিজে সওয়াল করতে চান, তাহলে তিনি নিজের আইনজীবী নিয়োগ করতে পারবেন না। কারণ আদালত কোনো নাটকের মঞ্চ নয়।