


সানি দেওল ও ববি দেওলের সঙ্গে হেমা মালিনীর সম্পর্ক কেমন? তা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে ইন্ডাস্ট্রিতে। গত ২৪ নভেম্বর শেষ নিশ্বাস ত্যাগ করেন ধর্মেন্দ্র। তারপর থেকে এই জল্পনা, গুঞ্জন যেন আরও মাথাচাড়া দিয়েছে। কারণ? আলাদা করে স্মরণসভার আয়োজন করেছিলেন হেমা। আবার দেওল পরিবারের তরফে (সানি ও ববি) পৃথক স্মরণসভা করা হয়। কেন আলাদা আলাদা স্মরণসভা হল, তা নিয়ে আলোচনা কম হয়নি। মনে করা হচ্ছিল, দেওল পরিবারের সঙ্গে হেমার সম্পর্ক তলানিতে, সে কারণেই পৃথক স্মরণসভা। তবে এর আগে এক সাক্ষাৎকারে হেমা স্পষ্ট জানিয়েছিলেন, এসব আলোচনা মাত্র। দিল্লিতে তাঁর আয়োজিত সভাতে রাজনীতিবিদদের আনাগোনা ছিল। অনেকেই সেই উপস্থিতি পছন্দ নাও করতে পারতেন। এ কারণেই পৃথক সভার আয়োজন। তবে এতেও চিঁড়ে ভেজেনি। তা সত্ত্বেও একাধিক প্রশ্নে বিদ্ধ হতে হচ্ছিল তাঁদের। অবশেষে সানি দেওলের সঙ্গে মধুর সম্পর্কের বিষয়ে মুখ খুললেন হেমা। বললেন, ‘আমাদের সম্পর্ক ভীষণ মজবুত। আমার ধারণা, মানুষ খালি গসিপ চান। আমাকে কেন এসব প্রশ্নের জবাব দিতে হবে? কেন দেব? এটা আমার জীবন। ব্যক্তিগত জীবন। আমি এবং সানি একে অপরের ভীষণ ক্লোজ। এর চেয়ে বেশি কিছু সত্যিই বলতে চাই না। মানুষ নিজেদের মতো গল্প তৈরি করে নিক।’