


মিলান: প্রয়াত জর্জিও আরমানি। ৯১ বছর বয়সে ইতালির মিলানের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফ্যাশন ডিজাইনের জগতে এই কিংবদন্তী শিল্পী। বৃহস্পতিবার আরমানি ফ্যাশন হাউজের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন ‘কিং জর্জিও’। তা সত্ত্বেও কাজ থামাননি। গত জুন মাসে তাঁর তত্ত্বাবধানে একটি ফ্যাশন শোয়ের আয়োজন করা হয়েছিল। কিন্তু অসুস্থতার কারণে সেখানে যেতে পারেননি শিল্পী। মডেলদের চুল ঠিক করা হোক বা শেষ মুহূর্ত পর্যন্ত পোশাক নিয়ে কাটাছেঁড়া... ফ্যাশন ডিজাইনে কোনও কাজই ছোট নয়, এমনটাই মনে করতেন জর্জিও আরমানি। পোশাকের বাধাধরা গণ্ডি কোনওদিন মেনে নেননি তিনি। কিং জর্জিওর মতে, পোশাক হবে সহজ-সরল অথচ মার্জিত। নতুন করে লিখেছিলেন ফ্যাশনের সংজ্ঞা। গরীব ঘরে জন্মানো জর্জিও ছিলেন ফ্যাশন জগতের শীর্ষে। একসময় সমাজের উঁচুস্তরের মানুষদের জন্য ডিজাইন করতেন চোখধাঁধানো পোশাক। কাপড়ের কোয়ালিটি থেকে শুরু করে ফিটিং— তাঁর ডিজাইনে সবকিছুই ছিল এক নম্বর। চিরাচরিত নকশা ভেঙে তৈরি করেছিলেন এক নতুন ধারা। শুধু পোশাক নয়, জীবনযাপনের ক্ষেত্রেও তিনি ছিলেন অনেকের আদর্শ। একাধিক রেড কার্পেট, চলচ্চিত্র উৎসব সমৃদ্ধ হয়েছে তাঁর ডিজাইনে। নিজের হাতে তৈরি করেছিলেন ফ্যাশন ব্র্যান্ড। সেই সংস্থার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে মিলানে আসন্ন ফ্যাশন উইকে একটি অনুষ্ঠান করার কথা ছিল তাঁর। ফাইল চিত্র