


বারো হাতের জাদুতে যার মন ভরেছে, তার অন্য কিছু পছন্দ হওয়া মুশকিল। শাড়ি আসলে এতটাই ভালোবাসার। নকশার ভিন্নতায় বদলে যায় তার লুক। অভিনেত্রী হিয়ার পরনে যে জামরঙা প্রিন্টেড পিওর সিল্কের শাড়ি রয়েছে, তার নকশায় যেন জ্যামিতির ছোঁয়া। মুক্তোর গয়নার ঝলমলে সাজে আপনি যে কোনও অনুষ্ঠানে এই ধরনের শাড়ি পরতে পারেন। দিনভর অফিস সামলে কোনও নিমন্ত্রণ রক্ষা করতে যেতে হলে, বেছে নিন এই ধরনের পিওর সিল্ক। প্লিট করে পরে কাজ করুন। আর সন্ধেবেলা আঁচল ছেড়ে স্টাইল বদলে ফেলুন। একটা ছোট্ট টিপ আর লিপগ্লস দিয়ে হালকা মেকআপে সাজুন।
অভিনেত্রী লেখা পরেছেন হলুদ রঙা সুতির শাড়ি। সবুজ এবং লাল গঙ্গা-যমুনা পাড়। হবু কনেরা বিয়ের সকালে গায়ে হলুদের জন্য এমন শাড়ির কথা ভাবতে পারেন। এই শাড়ির বিশেষত্ব হল, কাঁথার কাজ। বাংলার ঐতিহ্য কাঁথা। আঁচলে ভরাট কাজ। আর জমিতে পদ্মফুলের নকশা। ভাবুন তো, কোনও এক শিল্পীর হাতের ছোঁয়া রয়েছে শাড়ি জুড়ে। আপনি হয়তো তাঁকে চেনেন না। কিন্তু শাড়ির মাধ্যমেই আদানপ্রদান হয় এক মিঠে উষ্ণতা। সোনা হোক বা কস্টিউম জুয়েলারি, একেবারে বাঙালিয়ানায় ঘেরা থাকবে এই হলুদরঙা শাড়ির সাজ।