


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে ফিক্সড ডিপোজিটের টাকা উধাও হয়ে যাওয়ার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে এন্টালি এলাকার একটি ব্যাংকে। ব্যবসায়ীর দাবি, দু’লক্ষ টাকা প্রতারণা করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে জালিয়াতি, প্রতারণা সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে লালবাজার।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ব্যবসায়ী এন্টালি এলাকার বাসিন্দা। স্থানীয় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে দু’লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট করেন। এই সংক্রান্ত সার্টিফিকেটও তিনি নিয়ে আসেন। পরে সেটি ভাঙাতে গিয়ে জানতে পারেন টাকা নেই। সেটি ভাঙিয়ে টাকা উঠে গিয়েছে। ব্যবসায়ীর দাবি, গোটা ঘটনার পিছনে ব্যাংক কর্মীদের একাংশ জড়িত রয়েছে। তা না হলে সেটি ভাঙানো সম্ভব নয়। ব্যবসায়ী পুলিশকে জানিয়েছেন, টাকা এফডি করার পর জাল সার্টিফিকেট তৈরি করা হয়। তারপর তাঁর মোবাইল নম্বর বদলে দিয়েছে প্রতারকরা। যে কারণে টাকা উঠে যাওয়ার পর তিনি কোনো মেসেজ পাননি। তদন্তে নেমে পুলিশ ব্যাংকের কাছে এফডি সংক্রান্ত সমস্ত নথি চেয়ে পাঠিয়েছে।