


• টলিউডের অন্দরে ফেডারেশন এবং ডিরেক্টরস গিল্ডের দ্বন্দ্ব বেশ কয়েক মাস ধরেই ভীষণভাবে প্রকট। এই দ্বন্দ্বে নতুন করে ‘আন্দোলন’-এর রং লেগেছে। গত বৃহস্পতিবার ফেডারেশনের তরফে একটি মিটিং হয়। সমস্ত গিল্ডের সদস্যরা সেখানে উপস্থিত থাকলেও পরিচালকদের গিল্ডকে সেই মিটিংয়ে ডাকা হয়নি। এ প্রসঙ্গে ডিরেক্টরস গিল্ডের সভাপতি সুব্রত সেন বলেন, ‘ট্রেড ইউনিয়ন অ্যাক্ট অনুযায়ী আমরাও ফেডারেশনের সঙ্গে যুক্ত। আমাদের রেজিস্ট্রেশন আছে, অ্যাফিলিয়েশন আছে। তাও আমাদের ওই মিটিংয়ে ডাকা হয়নি। সেখানে কী আলোচনা হয়েছে তা বলতে পারব না। এই বিষয়টি এখন আদালতের অধীন। আদালতের সিদ্ধান্তই শিরোধার্য।’
অন্যদিকে ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস বলেন, ‘বিষয়টি এখন আদালত পর্যন্ত গড়িয়েছে। আমরা আইনি পথেই জবাব দেব। ফেডারেশনকে ভাঙার যে চক্রান্ত চলছে তার বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে।’ ফেডারেশনের পরবর্তী পদক্ষেপ কী হবে? স্বরূপ স্পষ্ট বলেন, ‘সেটা সময়ের অপেক্ষা। বৃহত্তর আন্দোলনের রূপরেখা তৈরি হচ্ছে।’ এই আন্দোলনের বিষয়ে পরিচালকদের তরফে সুব্রত সেন সাফ জানান, ‘আমরা আন্দোলন চাই না। কাজ চাই। শুধু পরিচালক নয়, পরিচালক-টেকনিশিয়ান সকলের কাজ চাই।’
প্রসঙ্গত, গত মাসে পরিচালক সুদেষ্ণা রায়ের নতুন ছবির শ্যুটিংয়ে টেকনিশিয়ানদের কাজে যোগ না দেওয়ায় ঘটনার সূত্রপাত। এই ঘটনায় পরিচালকদের তরফে অভিযোগের তির ছিল ফেডারেশনের দিকেই। গত ৩০ এপ্রিল পরিচালকদের তরফে একটি ভিডিয়ো বার্তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। সেখানে জানানো হয়, ডিরেক্টরস গিল্ডের কাজে নানাভাবে অসহযোগিতা করছে ফেডারেশন। গত বৃহস্পতিবারের মিটিংয়ে ডাক না পাওয়ার পর পরিচালক সুদেষ্ণা রায় বলেন, ‘আমরা কয়েকটা প্রশ্ন তুলেছি মাত্র। আমাদের এটা কোনও রাজনৈতিক আন্দোলন নয়। আমাদের প্রশ্নের কোনও সদুত্তর না দিয়ে উস্কানি দেওয়া হচ্ছে।’