


নয়াদিল্লি: দিল্লির বহুতলে অগ্নিকাণ্ড। মৃত্যু হল দুই শিশু সহ একই পরিবারের তিনজনের। মঙ্গলবার সকাল ১০টা নাগাদ রাজধানীর দ্বারকা এলাকার সেক্টর ১৩-এ একটি বহুতলের আট ও ন’তলায় আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের আটটি ইঞ্জিন। আগুনের তীব্রতা বাড়তে থাকায় হিমশিম খেতে হয় দমকল কর্মীদের। পরে দমকলের আরও ইঞ্জিন পৌঁছয়। ওই বহুতলের বিভিন্ন ফ্ল্যাট থেকে আবাসিকদের নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছিল। তবে আটতলায় একটি পরিবার আটকে পড়ে। প্রাণ বাঁচানোর জন্য ১০ থেকে ১২ বছরের মধ্যে দুই শিশু আটতলার বারান্দা থেকে ঝাঁপ দেয়। আহত অবস্থায় তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। ওই দুই শিশুর বাবা যশ যাদবও (৩৫) ঝাঁপ দেন। তাঁকে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়।
আগুনের মধ্যে আটকে পড়েছিলেন যশের স্ত্রী, ভাগ্নীও। আহত অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলের একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা গিয়েছে, কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছে চারিদিক। আতঙ্কে ছোটাছুটি করছেন পথচারীরা। ৭ তলা থেকে কয়েকজনকে জানালা ভেঙে বেরতে দেখা গিয়েছে। আবাসনের গ্যাস ও বিদ্যুৎ পরিষেবা বন্ধ রাখা হয়েছে। তবে কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।