


নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: এতদিন পর্যন্ত ভূগর্ভের জল তুলে আগুন নেভানোর কাজ করতে গেলে দমকলকে আগাম অনুমতি নিতে হতো। এবার থেকে তা আর করতে হবে না। এখন থেকে তারা তাদের প্রয়োজন মতোই জল তুলে আগুন নেভানোর কাজে ব্যবহার করতে পারবে। জলসম্পদ অনুসন্ধান বিভাগ থেকে এমনই নির্দেশ জারি করা হয়েছে। এতে অনেকটাই স্বস্তি পেল দমকল বিভাগ। এখন তাদের কাজ করতে অনেক সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে। ওয়াকিবহাল মহলের অভিমত, আরও আগেই এই ছাড় দেওয়া উচিত ছিল। এই ছাড় চেয়ে জলসম্পদ অনুসন্ধান বিভাগের কাছে আবেদন করেছিল দমকল বিভাগ। বিষয়টি আলোচনা করে শেষপর্যন্ত আধিকারিকরা এই মত পোষণ করেন যে, যেহেতু দমকল বিভাগ আগুন নেভানোর মতো জরুরি কাজের সঙ্গে যুক্ত, তাই ভূগর্ভের জল ব্যবহার করতে তাদের আগাম অনুমতি নেওয়ার কোনও দরকার নেই। রাজ্যের প্রতিটি ফায়ার স্টেশন এই নিয়মের আওতায় আসবে।
বহু ক্ষেত্রে দেখা গিয়েছে, দমকলের গাড়ির জল ফুরিয়ে গেলে তখন তাদের হয় নিজেদের পাম্প বসিয়ে ভূগর্ভের জল তুলে ব্যবহার করতে হয় না-হলে আরও গাড়ি আনার চেষ্টা করা হয়। কিন্তু চাইলেই জল তুলতে পারতেন না দমকল কর্মীরা। সেই অনুমতি নিতেই লেগে যেত অনাবশ্যক বাড়তি সময়। এতে ব্যাহত হতো আগুন নেভানোর কাজ। যাতে তাঁরা নিরবচ্ছিন্নভাবেই জল ব্যবহার করতে পারেন, তার জন্য এই ছাড় অত্যন্ত দরকার ছিল বলে মনে করছেন অফিসাররা। দমকল জরুরি পরিষেবার মধ্যে পড়ে। তাই তাদের এই ছাড়পত্র দেওয়ার দাবি জোরালো হচ্ছিল। অবশেষে সবকিছু খতিয়ে দেখে সেটা মানল সংশ্লিষ্ট বিভাগ। প্রতি জেলায় এই সংক্রান্ত অর্ডার পাঠিয়ে দেওয়া হয়েছে।