


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের একটি নামী ব্যাংকের শাখায় সাইবার জালিয়াতরা পাঁচ হাজার ‘মিউল’ অ্যাকাউন্ট খুলেছে। সেগুলি খোলা হয়েছে ২০২৫-এর এপ্রিল থেকে ডিসেম্বরের মধ্যে। এর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে রাজ্য পুলিশের সাইবার ক্রাইম উইং (সিসিডব্লু)। ইতিমধ্যে বিভিন্ন ব্যাংকের কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন সিসিডব্লু’র কর্তারা। ব্যাংকগুলিতে যখন অপরাধ ঘটছে তখনকার তথ্য তাদের জানাতে বলা হয়েছে। অপরাধের দ্রুত কিনারাসহ সাইবার অপরাধীদের নাগাল পেতেই এই সিদ্ধান্ত। মিউল অ্যাকাউন্টগুলি চিহ্নিত করতে অনেক ব্যাংকই এআই প্রযুক্তি ব্যবহার করছে। গ্রাহকদের গোপন তথ্য সাইবার জালিয়াতদের কাছে ব্যাংকের ভিতরের কারা পাচার করছে? তা নিয়েও শুরু হয়েছে খোঁজখবর। সংশ্লিষ্ট ব্যাংককর্মীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে বলেও ইঙ্গিত মিলেছে। যে-সমস্ত কোম্পানি সাইবার জালিয়াতদের টাকা ‘পার্ক’ করতে সাহায্য করছে, তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। জানানো হয়েছে সিসিডব্লু’দের তরফে। এদিকে অবসরপ্রাপ্ত এক ব্যাংক কর্তা লোভনীয় বিনিয়োগের টোপ গিলে টাকা ট্রান্সফার করতে যাচ্ছিলেন। সিসিডব্লু’র তৎপরতায় তা আটকানো গিয়েছে।