


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রেশন দোকানে ইলেকট্রনিক ওজনযন্ত্রের সঙ্গে ই-পস যন্ত্রের সংযুক্তিকরণ প্রক্রিয়া অব্যাহত রাখতে চাইছে খাদ্যদপ্তর। তবে এটা করতে গিয়ে কোনও সমস্যা হলে তা দ্রুত মেটানোর আশ্বাস দেওয়া হয়েছে। সোমবার অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশনের প্রতিনিধি দলকে এই আশ্বাস দিয়েছেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। ডিলারদের কমিশন বৃদ্ধি সহ একগুচ্ছ দাবি নিয়ে ফেডারেশনের পক্ষ থেকে মির্জা গালিব স্ট্রিটে খাদ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছিল। সেখানে ই-পস এবং ইলেকট্রনিক ওজন যন্ত্রের মডেল পোড়ানো হয়। পরে সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসুর নেতৃত্বে এক প্রতিনিধি দল খাদ্যমন্ত্রী এবং দপ্তরের আধিকারিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। খাদ্যমন্ত্রী এদিন জনিয়েছেন, রেশন বণ্টন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে নতুন ব্যবস্থাটি চালু করা হয়েছে। এই ব্যবস্থায় গ্রাহকরা তাঁদের প্রাপ্য ওজনের খাদ্যসামগ্রী পেলে তবেই বণ্টন প্রক্রিয়া সম্পূর্ণ হয়।
রেশন ডিলারদের সংগঠনের অভিযোগ, এই ব্যবস্থায় খাদ্য দিতে সমস্যা হচ্ছে। মাসের শেষ দিকে অনলাইন নেটওয়ার্ক থাকছে না। এসব কারণে গ্রাহকরা অসুবিধায় পড়ছেন। অনেকে খাদ্য থেকে বঞ্চিত হচ্ছেন। ডিলারদের কমিশন কুইন্টাল প্রতি দেড়শো টাকা করার দাবিও জানানো হয় মন্ত্রীর কাছে। দুয়ারে রেশন প্রকল্প কার্যকর করার জন্য মাসে আরও ৫ হাজার টাকা চাওয়া হয়েছে। এই আর্থিক দাবিগুলি সম্পর্কে নবান্নর অনুমোদন নিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন খাদ্যমন্ত্রী। অন্যান্য দাবিও সরকার বিবেচনার আশ্বাস দিয়েছে বলে বিশ্বম্ভরববাবু জানান।