


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দাবদাহের কারণে শুক্র এবং শনিবার সরকারের অনুদানপ্রাপ্ত সব স্কুলে সমস্ত পঠনপাঠন বন্ধের ঘোষণা করল শিক্ষাদপ্তর। মধ্যশিক্ষা পর্ষদও দপ্তরের নির্দেশিকার ভিত্তিতে একই বিজ্ঞপ্তি জারি করেছে। বেসরকারি স্কুলগুলিকেও এই নিয়ম মানার অনুরোধ করেছে বিকাশ ভবন। একাধিক জেলায় গরমে ছাত্রছাত্রীদের অসুস্থ হয়ে পড়ার ঘটনা সামনে আসতেই সরকারের এই সিদ্ধান্ত বলে খবর। তবে, এই নির্দেশিকা ঘিরে রয়েছে বিতর্কও। আবহাওয়ার রিপোর্ট অনুযায়ী, আজ শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বৃষ্টি এবং ঝড়ের পূর্বাভাস রয়েছে। তাহলে এইসময়ে কেন পঠনপাঠন বন্ধ রাখা হল, সেই প্রশ্নও তুলছেন অনেকে। আবার, এই দু’দিন পঠনপাঠন বন্ধ থাকলে কি শিক্ষকদের স্কুলে যেতে হবে? সেই উত্তরও আপাতত মিলছে না।
অ্যাডভান্সড সোসাইটি অব হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসেস-এর শীর্ষনেতা, দক্ষিণ ২৪ পরগনা জেলার একটি স্কুলের প্রধান শিক্ষক চন্দন মাইতি বলেন, ‘এই বিভ্রান্তি বরাবর রেখে আসছে শিক্ষাদপ্তর। শিক্ষকদের স্কুলে যেতে হলে, সেটা সরাসরি বলে দেওয়া হোক। আর পুরো ছুটি থাকলে বিজ্ঞপ্তিতে জানিয়ে দিক সেটাও।’ বিভিন্ন স্কুল সূত্রের খবর, প্রধান শিক্ষক ভেদে আলাদা নিয়ম কার্যকর করা হবে এই দু’দিন। কেউ শিক্ষকদের আসতে বলছেন, আবার কেউ স্কুল বন্ধই রাখছেন। এক আধিকারিক মেনে নেন, প্রধান শিক্ষকদের সঙ্গে শিক্ষকদের কেমন সম্পর্ক, তার উপরে বিষয়টি নির্ভর করবে। যে স্কুলে প্রধান শিক্ষকের সঙ্গে শিক্ষকদের সম্পর্ক খারাপ, সেগুলিতে শিক্ষকদের স্কুলে আসতে বাধ্য করা হবে।