


নিজস্ব প্রতিনিধি কলকাতা: রাজ্য সরকারি কর্মীদের জেনারেল প্রভিডেন্ট ফান্ডে (জিপিএফ) থাকা টাকার উপর সুদের হার অপরিবর্তিত (৭.১ শতাংশ) রইল। আগামী মার্চ পর্যন্ত এই সুদের হারই বহাল থাকবে বলে অর্থদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। রাজ্য সরকারি কর্মী ছাড়াও সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠান, পঞ্চায়েত, পুরসভার মতো স্বশাসিত সংস্থার কর্মীরাও জিপিএফে জমা টাকার উপর একই হারে সুদ পান। কেন্দ্রীয় সরকার জিপিএফে সুদের হার নির্ধারণ করে প্রতি তিন মাস অন্তর। সেটাই সব রাজ্যে কার্যকর হয়। ২০২০ সালের এপ্রিল মাস থেকে সরকারি কর্মীদের জিপিএফে সুদের হার অপরিবর্তিত রয়েছে।
সরকারি কর্মীদের মূল বেতনের ৬ শতাংশের সমপরিমাণ টাকা জিপিএফ তহবিলে বাধ্যতামূলকভাবে জমা দিতে হয়। তবে কোনো কর্মী চাইলে মূল বেতনের পুরোটা জিপিএফ তহবিলে জমা রাখতে পারেন। অন্যান্য অধিকাংশ সঞ্চয় তহবিলের তুলনায় কিছুটা বেশি সুদ এখনও পাওয়া যায় জিপিএফে। তাই সরকারি কর্মীদের একটা বড় অংশ বেশি হারে জিপিএফে টাকা জমা দেন। জিপিএফ যে টাকা জমা থাকে, কোনো আপদকালীন প্রয়োজনে সেই টাকার একটা অংশ তুলে নিতে পারেন সরকারি কর্মীরা। এই জিপিএফ তহবিলের বিষয়টি দেখভাল করে কেন্দ্রীয় সংস্থা প্রিন্সিপাল অ্যাকাউন্ট্যান্ট জেনারেল অফিস। কর্মীদের জিপিএফ খাতে কত টাকা আছে, প্রতি বছর কত টাকা জমা পড়েছে, সুদ বাবদ প্রাপ্ত টাকার পরিমাণ কত, সবকিছুরই হিসেব নিয়মিত দেওয়া হয় সরকারি কর্মীদের।