


কটক: রাজকীয় প্রত্যাবর্তন! চোট সারিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাকে স্মরণীয় করে রাখলেন হার্দিক পান্ডিয়া। কটকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে তাঁর ধুমধাড়াক্কায় মুগ্ধ ক্রিকেটমহল। ঝোড়ো ৫৯ রান এল মাত্র ২৮ বলে। আগ্রাসনে ভরপুর ইনিংস সাজানো ৬টি চার, ৪টি ছক্কায়। এই ফরম্যাটে ভারতের চতুর্থ ক্রিকেটার হিসেবে ১০০ ছক্কাও হয়ে গেল তাঁর। সামনে বিরাট কোহলি, সূর্যকুমার যাদব ও রোহিত শর্মা। কে বলবে চোটের কারণে দু’মাস মাঠের বাইরে কাটিয়েছেন হার্দিক?
এশিয়া কাপে খেলার সময় কোয়াড্রিসেপ মাসলে চোট পেয়ে দীর্ঘ দিন মাঠের বাইরে ছিলেন হার্দিক। রিহ্যাবের পর প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজের স্কোয়াডে ডাক পান। আর প্রত্যাবর্তনেই ম্যাচের সেরা তিনি। ট্রফি হাতে হার্দিক বলেন, ‘যেভাবে ব্যাট করেছি, তাতে সন্তুষ্ট। টাইমিংয়ে জোর দিয়েছিলাম। উইকেট সহজ ছিল না। কোন বোলারকে মারব, তা ঠিক করে নিয়েছিলাম। এদিন সবকিছুই খেটে গিয়েছে।’ নিজের ফিটনেস নিয়ে তাঁর মূল্যায়ন, ‘গত ৫০ দিন প্রিয়জনদের থেকে দূরে ছিলাম। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে নজর ছিল ফিটনেসে। ভালো লাগছে সেই পরিশ্রম কাজে আসায়।’ বল হাতেও ছন্দে দেখিয়েছে তাঁকে। হার্দিকের মন্তব্য, ‘বরাবর নিজের থেকে দলকে এগিয়ে রেখেছি। দলের চাহিদা মেটানোই আমার মোটিভেশন।’ টি-২০ বিশ্বকাপে এই মেজাজেই তাঁকে দেখতে চাইছে টিম ইন্ডিয়া।