


সংবাদদাতা, কল্যাণী: আজ, বৃহস্পতিবার সন্ধ্যায় হরিণঘাটা পুরসভার ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের ঝুলন্ত দেহ উদ্ধার। মৃতের নাম রাকেশ পাড়ুই (৩৪)। এদিন বিসিকেভির মোহনপুর ক্যাম্পাসের মূল গেট সংলগ্ন দলীয় কার্যালয়ের ভিতর থেকেই তাঁর দেহ উদ্ধার হয়। জানা গিয়েছে, এদিন দুপুরে তৃণমূলের দলীয় কর্মীরা কার্যালয় থেকে চলে যাওয়ার পর রাকেশবাবু সেখানে একাই ছিলেন। বিকেলের দিকে তাঁর মা তাঁকে ডাকতে যান। তখনই কার্যালয়ের জানলা দিয়ে তিনি ছেলের ঝুলন্ত দেহ দেখতে পান। তিনি রাকেশের বাবাকে খবর দেন। এরপর হরিণঘাটা থানার পুলিস মৃতদেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে অনুমান রাকেশ আত্মঘাতীই হয়েছেন। তবে কী কারণে এই ঘটনা তা এখনও পর্যন্ত জানা যায়নি। এই বিষয়ে আপাতত পুলিসের কাছে কোনও অভিযোগ জমা পড়েনি। অন্যদিকে, এই বিষয়ে হরিণঘাটা পুরসভার চেয়ারম্যান দেবাশিস বসু বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। রাকেশ কেন চরম সিদ্ধান্ত নিল তা আমরা এখনও বুঝতে পারছি না। পুলিস পুরো ঘটনার তদন্ত শুরু করছে।