


সংবাদদাতা, বসিরহাট: এবার গ্রামাঞ্চলে যক্ষ্মা রোগ নির্মূল করতে দুয়ারে পৌঁছবেন স্বাস্থ্যকর্মীরা। সচেতন করা হবে রোগীদের। সুন্দরবন লাগোয়া হিঙ্গলগঞ্জ ব্লকের প্রায় ৭০ জন যক্ষ্মা রোগীকে চিহ্নিত করা গিয়েছে। তাঁদের নাম ঠিকানা এবং মোবাইল নম্বর সংগ্রহ করা হয়েছে স্বাস্থ্যদপ্তরের পক্ষ থেকে। ওই পরিবারে আর যাতে যক্ষ্মা রোগ না ছড়ায় তার জন্য সচেতন করা হচ্ছে। এবং ওই রোগীকে বিনামূল্যে ওষুধ থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিস লাগে, তা সরকারের পক্ষ থেকে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। নতুন করে আর কেউ যাতে যক্ষ্মা রোগে আক্রান্ত না হয় তার জন্য স্বাস্থ্যদপ্তরের পক্ষ থেকে এলাকায় সচেতন করা হচ্ছে। এই বিষয়ে স্যান্ডেলের বিল ব্লক হাসপাতালের বিএমওএইচ অসীম বালা বলেন, এই রোগ নির্মূল করাই আমাদের লক্ষ্য। সেই অনুযায়ী প্রতিটি গ্রামে স্বাস্থ্যকর্মীদের পাঠিয়ে সচেতন করা এবং যক্ষ্মা রোগ সংক্রান্ত উপসর্গ দেখা দিলে তৎক্ষণাৎ যাতে হাসপাতালে আসেন সেই বিষয়ে মানুষকে বোঝানো হবে।