


শ্রীনগর: সীমান্তে উত্তেজনার জেরে এক সপ্তাহ বন্ধ ছিল জম্মু ও কাশ্মীরের মাতা বৈষ্ণোদেবী মন্দিরে যাওয়ার জন্য হেলিকপ্টার পরিষেবা। বুধবার সকাল থেকে আবার এই পরিষেবা চালু হল। মঙ্গলবার সীমান্তবর্তী ৩২টি বিমানবন্দরে পরিষেবা ফের শুরুর ছাড়পত্র দেয় ডিজিসিএ। তালিকায় রয়েছে জম্মু ও শ্রীনগর বিমানবন্দরও। এরপর দিনই বৈষ্ণোদেবী মন্দিরেও হেলিকপ্টার পরিষেবা চালু করা হল। মন্দির কর্তৃপক্ষ এদিন জানিয়েছে, উত্তেজনা শুরুর পর ভক্তের সংখ্যা তলানিতে এসে ঠেকেছিল। বুধবার থেকে আবার ভক্তদের যাত্রা শুরু হয়েছে। একই সঙ্গে এদিন থেকে শুরু হয়েছে ব্যাটারি কার সার্ভিস পরিষেবা। জানুয়ারি থেকে মন্দির খোলার পর এখনও পর্যন্ত ৩০ লক্ষ পুণ্যার্থী মন্দির দর্শন করেছেন। গত বছর মন্দিরে গিয়েছিলেন ৯৪ লক্ষ ৮৪ হাজার ভক্ত। এবারও ফের ভক্তদের ঢল নামবে বলে মন্দির কর্তৃপক্ষের আশা। বুধবার বৈষ্ণোদেবী মন্দিরে গিয়েছিলেন শুভম কুমার। তিনি বলেন, ‘হেলিকপ্টার পরিষেবা শুরু হওয়ার আমি খুশি।’