


ওয়াশিংটন: শুল্ক ইস্যুতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁকে তীব্র কটাক্ষ করলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের দাবি, ইউরোপে ওষুধ ও মেডিকেল সরঞ্জাম ভরতুকিতে বিক্রি করে আমেরিকা। সেকারণে মার্কিন ওষুধের দাম কিছুটা বাড়াতে ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে যোগাযোগ করেছিলেন তিনি। কারণ আমেরিকানারা ওই ওষুধ ১৪ গুণ বেশি দামে কেনেন। ট্রাম্পের দাবি, প্রথমে রাজি হননি ম্যাক্রঁ। কিন্তু আমার সামনে এধরনের প্রতিরোধ সাধারণত মিনিট তিনেকের বেশি স্থায়ী হয় না। সাফ জানিয়ে দিই, ইমানুয়েল সোমবারের মধ্যে আপনি রাজি না হলে আমেরিকায় যাওয়া প্রতিটি পণ্যে ২৫ শতাংশ শুল্ক চাপাবে। আপনাদের ওয়াইন, শ্যাম্পেন— সব কিছুতেই। চাপের মুখে ফরাসি প্রেসিডেন্ট মার্কিন ওষুধের দাম বাড়াতে রাজি হয়ে যান। ট্রাম্পকে ম্যাক্রঁ বলেন, আপনি যা চাইছেন, তাই হবে। ট্রাম্প যেন প্রকাশ্যে এসব না বলেন, তার কাতর আর্জিও জানান তিনি। সেইসঙ্গেই ম্যাক্রঁ বলেন, ডোনাল্ড, সত্যিই আপনি রফা করতে জানেন। তবে, ম্যাক্রঁর এইভাবে ‘ডোনাল্ড’ সম্বোধন ভালোভাবে নেননি ট্রাম্প। ম্যাক্রঁকে ঠেস দিয়ে তাঁর মন্তব্য, আমাকে যারা সম্মান করে, তারা ‘মিস্টার প্রেসিডেন্ট’ বলে ডাকে।