


নয়াদিল্লি: মুক্তির একমাস পেরতেই ইতিহাস গড়ল রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’। একটি ভাষায় মুক্তি পেয়েও সব রেকর্ড ছাপিয়ে গিয়েছে এই সিনেমা। বুধবার পর্যন্ত বিশ্বজুড়ে প্রায় ১৩০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ‘ধুরধন্ধর’। একইসঙ্গে আদায় করে নিয়েছে সর্বোচ্চ আয়কারী ভারতীয় হিন্দি সিনেমার শিরোপা। ভারতের বক্স অফিসে এর আয় ৯৬৮ কোটি ছাড়িয়েছে। সিনেমার সাফল্যে উচ্ছ্বসিত নির্মাতারা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে টিমকে শুভেচ্ছা জানিয়েছে প্রযোজক সংস্থা।
সাধারণত একাধিক ভাষায় মুক্তি পাওয়া ছবিগুলিই হাজার কোটির ক্লাবে প্রবেশ করে। কিন্তু ‘ধুরন্ধর’ শুধুমাত্র হিন্দি ভাষায় মুক্তি পেয়েও এই নজির গড়ে। শুরু থেকেই বিশেষভাবে নজর কেড়েছে ছবির প্রেক্ষাপট। পাশাপাশি অসাধারণ অভিনয়ের জোরে দর্শকদের মন জিতেছেন কলাকুশলীরা। গল্প, অভিনয়, উন্নতমানের নির্মাণ, সবক্ষেত্রেই সেরার সেরা হিসেবে নিজেকে তুলে ধরেছে রণবীর সিংয়ের এই সিনেমা। চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, এই সাফল্য ভবিষ্যতে একভাষিক বড় বাজেটের ছবির প্রতি প্রযোজক ও নির্মাতাদের আস্থা আরও বাড়াবে। দর্শকদের ধারাবাহিক সমর্থন এবং মুখে-মুখে প্রচারের ফলেই ছবিটি দীর্ঘ সময় ধরে বক্স অফিসে নিজের দাপট বজায় রাখতে সক্ষম হয়েছে। এখন থেকেই অনেকে আগামী পর্ব মুক্তির অপেক্ষায় দিন গুনছেন।