


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পৌষমেলা উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার বড়দিন থেকে টানা চারদিন হাওড়া-বোলপুর রুটে একটি স্পেশাল ট্রেন চালাবে রেল। ২৫ থেকে ২৮ ডিসেম্বর বর্ষশেষে এই ক’দিন রবীন্দ্রনাথ ঠাকুরের স্মতিধন্য ধামে যাওয়া-আসার জন্য বিশেষ এই ব্যবস্থা। ছুটির এইসময়ে যাত্রীদের বাড়তি চাপের কথা মাথায় রেখে এই স্পেশাল পরিষেবা মিলবে। ট্রেনটি আজ থেকে আগামী চারদিন সকাল ৭টা ১৫ মিনিটে হাওড়া থেকে যাত্রা করবে। সকাল ৯টা ৫৫ মিনিটে ট্রেনটি বোলপুর স্টেশনে ঢুকবে। ফিরতি রুটে ট্রেনটি যাত্রী তুলে বোলপুর থেকে বেলা ১১টা ৫০ মিনিটে ছাড়বে। দুপুর ২টো ৪৫ মিনিটে স্পেশাল ট্রেনটি হাওড়ায় ঢুকবে। ট্রেনটি ব্যান্ডেল, বর্ধমান, গুসকরা এবং বোলপুর স্টেশনে থামবে। ট্রেনটিতে যাত্রীরা সেকেন্ড ক্লাসে সফর করতে পারবেন।