


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভারত-বাংলাদেশ সীমান্তের কয়েকশো কিলোমিটার এলাকা জুড়ে নেই কাঁটাতারের বেড়া (ফেন্সিং)। অবিলম্বে এই ফেন্সিং দেওয়ার আবেদনে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় রাজ্যের কাছে হলফনামা তলব করল হাইকোর্ট। মামলায় দাবি করা হয়, জমি অধিগ্রহণের কাজে রাজ্যের তৎপরতা না-থাকায় ফেন্সিং হচ্ছে না। আগামী ১৫ দিনের মধ্যে রাজ্যকে বক্তব্য জানাতে নির্দেশ দিয়েছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথি সেনের ডিভিশন বেঞ্চ।
মামলায় দাবি, বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকা ২ হাজার ২১৬ কিলোমিটার। এই দীর্ঘ সীমান্তের অনেক জায়গায় কাঁটাতারের বেড়া নেই। তার ফলে অনুপ্রবেশ ও চোরাচালান চলছে অবাধে। রাষ্ট্রীয় সম্পদের বিপুল ক্ষয়ক্ষতি হচ্ছে। এলাকায় জমি অধিগ্রহণের কাজে রাজ্যের তৎপরতা না-থাকায় সেখানে ফেন্সিং হচ্ছে না। মামলাকারী ডঃ সুব্রত সাহার বক্তব্য, ভারত-বাংলাদেশ সীমান্তের যা পরিস্থিতি, তা জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত বিপজ্জনক।