


তিয়ানজিন, ১ সেপ্টেম্বর: আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি, কাছে নিয়ে এসেছে ভারত, চীন ও রাশিয়াকে। আজ, সোমবার এসসিও সামিটে সেরকমই দৃশ্য দেখা গিয়েছে। এমনকী রাশিয়া ও ভারত আগের তুলনায় আরও কাছাকাছি তা এদিনের একাধিক ঘটনাকে কেন্দ্র করেই বোঝা যাচ্ছে। চীনের তিয়ানজিনে এসসিও সামিটে যোগ দিয়ে বক্তব্য রাখেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট জি জিনপিং। সেই সামিট শেষ হতেই আলাদাভাবে দ্বিপাক্ষিক বৈঠক করতে তিয়ানজিনে শহরের অন্য প্রান্তে যান মোদি-পুতিন। আর সেখানেই ছিল একাধিক চমক। রাশিয়ার প্রেসিডেন্টের গাড়ি করেই বৈঠকে পৌঁছন মোদি। সূত্রের খবর, পুতিন নিজেই মোদিকে গাড়িতে করে নিয়ে যাওয়ার জন্য দশ মিনিট ধরে অপেক্ষা করেছিলেন।
তারপর দুই রাষ্ট্রনেতা একই গাড়িতে উঠে দীর্ঘ ৪৫ মিনিট গোপনে কথা বলেন। তাঁদের মধ্যে কী বিষয়ে কথা হয়েছে সেই খবর প্রকাশ্যে আসেনি। দ্বিপাক্ষিক বৈঠকে রাশিয়ার সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা বলেন মোদি। ইউক্রেনের সঙ্গে যুদ্ধ থামানোর বিষয়েও পুতিনকে আর্জি জানান ভারতের প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমি আশাবাদী যে, দ্রুত যুদ্ধ শেষ করতে রাশিয়া এবং ইউক্রেন পদক্ষেপ করবে। মানবতার স্বার্থে যুদ্ধ শীঘ্রই থামাবে দুই দেশ। আমাদের বন্ধুত্ব শুধুমাত্র দুই দেশের মানুষদের ক্ষেত্রেই নয়, বরং বিশ্বে শান্তি, স্থিতাবস্থা ও উন্নতির জন্য গুরুত্বপূর্ণ। খুব কঠিন সময়েও ভারত-রাশিয়া কাঁধে কাঁধ রেখে একে ওপরকে সমর্থন করেছে এবং পাশে থেকেছে।’ পুতিনও দ্বিপাক্ষিক বৈঠকে বলেন, ‘ভারত প্রিয় বন্ধু রাষ্ট্র। ভারত এবং রাশিয়ার বিশেষ কৌশলগত অংশীদারির ১৫ বছর পূর্ণ হল।’