


চেন্নাই: চলতি আইপিএলের শুরুতে ফর্মে ছিলেন না সঞ্জু স্যামসন। প্রথম তিন ম্যাচে ৬, ৭ ও ৯ রানের ইনিংসের পর তাঁর রিক্রুটমেন্ট নিয়েও প্রশ্ন উঠছিল। তবে শনিবার চিপকে দুরন্ত শতরান হাঁকিয়ে নিন্দুকদের মুখ বন্ধ করলেন সঞ্জু। ম্যাচ শেষে তিনি বলছিলেন, ‘অতীতেও বহুবার ব্যর্থ হয়েছি। তাই জানি, ভুল থেকে শিক্ষা নিয়ে কীভাবে ঘুরে দাঁড়াতে হয়। সর্বদাই ক্রিকেটের প্রাথমিক ও সাধারণ বিষয়গুলি মনে রাখার চেষ্টা করি। মানসিকভাবে তৈরি হই। শেষ পর্যন্ত সাফল্য পেয়ে খুব ভালো লাগছে।’
এবারই রাজস্থান ছেড়ে চেন্নাই সুপার কিংসে যোগ দিয়েছেন সঞ্জু স্যামসন। নতুন ফ্র্যাঞ্চাইজিতে মানিয়ে নিতে সময় লাগাটাই স্বাভাবিক। এই প্রসঙ্গে তারকা উইকেটরক্ষক ব্যাটারকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘অস্বীকারের জায়গা নেই যে, নতুন ফ্র্যাঞ্চাইজিতে মানিয়ে নিতে সময় লাগে। শুরুটা ভালো না হওয়া সত্ত্বেও সিএসকে ম্যানেজমেন্ট আমার উপর ভরসা দেখায়। আর সবচেয়ে যেটা ভালো লেগেছে, তা হল তিন ম্যাচে হারের পরও মাত্র ৫০ সেকেন্ডের টিম মিটিং। আমি এমনটাই পছন্দ করি।’ উল্লেখ্য, শনিবার দিল্লির বিরুদ্ধে শতরানের পর রজনীকান্তের বিখ্যাত ‘পদয়াপ্পা’ সেলিব্রেশন সারেন সঞ্জু। বিশেষ স্যালুটের আদলে উদযাপন প্রসঙ্গে প্রশ্ন করা হলে তাঁর জবাব, ‘ ওটা কোচ ফ্লেমিংয়ের জন্য। একই ফ্র্যাঞ্চাইজি দলে সাফল্যের সঙ্গে এতদিন যুক্ত থাকা কতটা চ্যালেঞ্জের, তা আমি বুঝি। তাই এই শতরান কোচকে উৎসর্গ করি।’