


নিউ ইয়র্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসী নীতির বিরোধিতা করলেন গ্র্যামি জয়ী সঙ্গীতশিল্পী শাকিরা। তাঁর মতে, এই নীতির কারণে নিত্যদিন চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে অভিবাসীদের। শাকিরা নিজেই আমেরিকার অভিবাসী। কিশোরীকালে কেরিয়ার গড়ার জন্য কলম্বিয়া থেকে আমেরিকায় আসতে হয়েছিল তাঁকে। নিজের পরিস্থিতির কথা উল্লেখ করে গায়িকা জানিয়েছেন, সকল মানুষের সঙ্গে মানবিক আচরণ করা উচিত। সম্প্রতি ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল লস এঞ্জেলসে। ক্যালিফোর্নিয়ার অন্যান্য শহরেও ছড়িয়েছিল বিক্ষোভ। এই আবহে শাকিরার বক্তব্য তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমেরিকায় অভিবাসী হওয়া বেদনাদায়ক। ক্রমাগত ভয়ে দিন কাটাতে হচ্ছে। সকলের সঙ্গে মর্যাদাপূর্ণ আচরণ হওয়াটাই কাম্য। রাষ্ট্র অভিবাসন নীতির পরিবর্তন করতেই পারে, তবে মানুষের প্রতি অমানবিক ব্যবহার করা উচিত নয়।’ তাঁর কথায়, ‘আমাদের আগের তুলনায় ঐক্যবদ্ধ থাকতে হবে। আওয়াজ তুলতে হবে।’ চলতি বছর গ্র্যামি পুরস্কার জিতেছিলেন শাকিরা। সেই পুরস্কার দেশের অভিবাসীদের জন্য উৎসর্গ করেছিলেন গায়িকা। -ফাইল চিত্র