


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যুদ্ধ পরিস্থিতির কারণে প্রভাব পড়েছে কলকাতার বিমান পরিষেবায়। সোমবার কলকাতায় আসা ও যাওয়া মিলিয়ে একাধিক বিমান বাতিল হয়েছে। এমিরেটর্স বিমানসংস্থা তরফে কলকাতায় আসা ও যাওয়া মিলিয়ে ৮টি বিমান বাতিল করা হয়েছে। এছাড়া ইতিহাদ বিমান সংস্থার ৪টি, এয়ার আরবিয়া বিমান সংস্থার ২টি, ফ্লাই দুবাই বিমান সংস্থার ২টি বিমান বাতিল হয়েছে। এই বিমান বাতিলের জেরে হাজার পাঁচেক যাত্রী সমস্যায় পড়েছেন। দুবাই ও দোহা থেকে বিমান যাত্রীদের সমস্যার ছবি সবথেকে বেশি ধরা পড়েছে। বিমান বাতিলের জেরে সমস্যার পড়েছেন কলকাতার সিআইটি রোডের বাসিন্দা রোমা সুবনানি। পারিবারিক একটি অনুষ্ঠানে পরিবারের চার সদস্যকে নিয়ে তাঁর দুবাই যাওয়ার কথা ছিল। বিমান বাতিলের জেরে তাঁর চোখেমুখে অনিশ্চয়তার ছাপ দেখা গিয়েছে। এদিন কলকাতা বিমানবন্দরে এসে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিমান চালুর বিষয়ে খোঁজ নিয়েছেন তিনি। এমনকি যাত্রীদের কাছ থেকে অভিযোগ এসেছে, বিমান বাতিল হলেও সংশ্লিষ্ট সংস্থা টিকিটের টাকা ফেরত দিচ্ছে না। নেহাল আহমেদ নামে এক যাত্রী জানিয়েছেন, বিমান বাতিলের জেরে সময়মতো দুবাইতে পৌঁছতে না পারায় আমার জীবিকার ক্ষেত্রে বড়ো সমস্যা হয়েছে।