


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একাধিক ঘটনায় মৃতের পরিবার এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়ে থাকে আদালতের তরফে। অভিযোগ, বছরের পর বছর সেই ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ মানছে না রাজ্য। বিষয়টি নিয়ে দায়ের হওয়া মামলায় ক্ষোভ প্রকাশ করল বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাস দে’র ডিভিশন বেঞ্চ। কেন ক্ষতিপূরণ আটকে রাখা হয়েছে, সেই প্রশ্ন তুলেছে বেঞ্চ। শুক্রবার বিচারপতি সুজয় পাল বলেন, এই ধরনের একাধিক জনস্বার্থ মামলা বছরের পর বছর পড়ে থাকছে। শুনানিতে রাজ্যের আইনজীবীরা উপস্থিত থাকেন না। এটা হওয়া উচিত নয়। তিনি আরও বলেন, ‘তেলেঙ্গানাতেও আমার একই অভিজ্ঞতা হয়েছে।’ এই মামলাগুলি যথেষ্ট গুরুত্বপূর্ণ। রাজ্যের প্রতিনিধিত্ব থাকা দরকার বলেও মন্তব্য করেছেন বিচারপতি।
কুলতলির এক নাবালিকাকে বেআইনিভাবে পাচার হয়ে যাওয়া থেকে উদ্ধার করেছিল পুলিস। ২০১৭ সালের আইন অনুযায়ী তাকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ থাকলেও তা এখনও মেলেনি বলে অভিযোগ পরিবারের। সেই মামলাতেই বিচারপতি পাল এদিন এই মন্তব্য করেছেন।