


মুম্বইয়ে পাপারাৎজি সংস্কৃতি জনপ্রিয়। কোনও অনুষ্ঠান বা বিমানবন্দরে গেলে তারকাদের ক্যামেরাবন্দি করাই তাঁদের কাজ। সেই ভিডিও নিমেষে ভাইরাল হতে সময় লাগে না। তবে বহু তারকার তা অপছন্দের। ঠিক যেমন জয়া বচ্চনের। প্রকাশ্যেই একাধিকবার তিনি জানিয়েছেন নিজের অসম্মতির কথা। সম্প্রতি একটি অনুষ্ঠানে গিয়েও পাপারাৎজিদের সম্মুখীন হন জয়া। অভিনেত্রী বলেন, ‘নোংরা পোশাক পরে চলে আসেন। হাতে ক্যামেরা, মোবাইল থাকলেই কি সাংবাদিক হওয়া যায়! এর জন্য পড়াশোনা প্রয়োজন।’ জয়ার এই মন্তব্যেই ক্ষুব্ধ হয়েছেন মুম্বইয়ের পাপারাৎজিরা। সে কারণে বচ্চন পরিবারকে বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। যদিও ভবিষ্যতে পাপারাৎজিরা বচ্চনদের আদৌ বয়কট করবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে।