


নয়াদিল্লি: গত সপ্তাহে ইরানের ফোরদো পরমাণুকেন্দ্রে ‘বাঙ্কার বাস্টার’ বোমা ফেলেছিল মার্কিন বি-২ স্পিরিট স্টিলথ বোমারু বিমান। তারপর থেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে এই বোমা। ভূগর্ভস্থ লক্ষ্যবস্তুতে আঘাত হানতে তার জুড়ি মেলাও ভার। এবার ভূগর্ভে লুকিয়ে থাকা শত্রুর ঘাঁটিকে ধ্বংস করতে শক্তিশালী বাঙ্কার বাস্টার তৈরি করছে ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা (ডিআরডিও)। এজন্য অগ্নি-৫ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে আপগ্রেড করা হবে।
অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের পাল্লা ৫০০০ কিলোমিটারের বেশি। তা পরমাণু অস্ত্র বহনেও সক্ষম। বাঙ্কার বাস্টারের জন্য অগ্নি-৫ এর নয়া সংস্করণ গড়ে তোলা হবে। তা প্রচলিত অস্ত্র বহন করবে। সাড়ে সাত হাজার কেজি ওজনের বাঙ্কার বাস্টার অস্ত্র বয়ে নিয়ে নিয়ে যেতে পারবে ভারতের হাইপ্রোফাইল ক্ষেপণাস্ত্রটির নয়া সংস্করণ। সূত্রের খবর, ভূপৃষ্ঠের অন্তত ৮০ থেকে ১০০ মিটার গভীরে বাঙ্কার, সামরিক কাঠামো ধ্বংস করতে সক্ষম হবে ভারতের বাঙ্কার বাস্টার। যেটি আমেরিকার তৈরি বোমার মতোই শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে। আমেরিকা এই ধরনের বোমা ব্যবহার করতে যুদ্ধবিমানের উপর ভরসা করে। কিন্তু ভারত এই ধরনের বোমা ক্ষেপণাস্ত্র নির্ভর করতে চাইছে।