


নয়াদিল্লি: ২০৩৮ সালের মধ্যে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হবে ভারত। আন্তর্জাতিক সংস্থা ‘ইওয়াই’-এর সাম্প্রতিক প্রতিবেদন ‘ওয়াই ইকোনমি ওয়াচ’-এ এমন দাবি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ওই সময়ের মধ্যে ভারতের অর্থনীতি পৌঁছে যাবে ৩৪ লক্ষ ২০ হাজার কোটি মার্কিন ডলার।
রিপোর্টে উল্লেখ করা হয়েছে, বর্তমানে ভারতের গড় বয়স মাত্র ২৮.৮ বছর। তরুণ প্রজন্মই আগামী কয়েক দশক ভারতীয় অর্থনীতির প্রধান চালিকা শক্তি। বিশ্বের বড় অর্থনীতিগুলির মধ্যে ভারতের সঞ্চয় হার দ্বিতীয় সর্বোচ্চ। ফলে নতুন ব্যবসা, পরিকাঠামো ও শিল্পে ক্রমাগত বিনিয়োগ বাড়ছে। কমছে সরকারের ঋণের বোঝাও। ২০২৪ সালে জিডিপি ও ঋণের অনুপাত ছিল ৮১ শতাংশ। ২০৩০ সালের মধ্যে তা ৭৫ শতাংশতে নেমে আসতে পারে। চীন, আমেরিকা, জার্মানি ও জাপানের মতো বড় অর্থনীতির তুলনায় ভারতের একাধিক সুবিধা রয়েছে। যেমন, চীন প্রবীণ জনগোষ্ঠীর সমস্যায় ভুগছে। আমেরিকার ঋণের পরিমাণ অত্যন্ত বেশি। আবার জার্মানি ও জাপান প্রবীণ জনগোষ্ঠী ও বিশ্বের বাণিজ্যের উপর অতিরিক্ত নির্ভরশীল। ইওয়াই-এর প্রধান নীতি উপদেষ্টা ডিকে শ্রীবাস্তব বলেছেন, ‘বিশ্বের অর্থনীতি এখন অনিশ্চিত। এর মাঝেও শক্ত ভিত, তরুণ প্রজন্ম ও অর্থনৈতিক শৃঙ্খলার কারণে ভারত এগিয়ে চলেছে।’ এই মুহূর্তে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি ভারত। ২০২৮ সালের মধ্যে জার্মানিকে ছাপিয়ে তৃতীয় স্থানে পৌঁছে যেতে পারে বলেও মনে করা হচ্ছে।