


নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: হাওড়া ব্রিজ হোক কিংবা বাতাসিয়া লুপ। বাংলা তো বটেই মাঝেমধ্যেই জনপ্রিয় হিন্দি সিনেমার শ্যুটিংও হয়েছে বাংলার এমন সব জনপ্রিয় এবং খ্যাতনামা জায়গাগুলিতে। যার মধ্যে দার্জিলিং এবং কলকাতাই ডিরেক্টরদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে। এছাড়া বেশ কিছু রাজবাড়িতেও শ্যুটিংয়ের কাজ হয়েছে। কিন্তু রাজ্যে এর বাইরেও বহু নামী অনামী জায়গা রয়েছে, যেখানে ছবির দৃশ্যায়ন অনায়াসে ক্যামেরা বন্দি করা যাবে। কিন্তু সেটা অনেকের কাছেই অজানা। তাই এবার সাগর থেকে পাহাড়, ডুয়ার্স থেকে সুন্দরবন—শ্যুটিং করা যাবে, এমন জায়গা চিহ্নিতকরণ করার নির্দেশ দিল রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তর। তারা শ্যুটিং স্পটের তথ্যভাণ্ডার তৈরি করতে চলেছে। সম্প্রতি প্রত্যেক জেলার তথ্য সাংস্কৃতিক বিভাগের আধিকারিকদের নিয়ে বৈঠক করা হয়েছে। সেখানেই জেলাভিত্তিক জায়গার তালিকা তৈরি করে ২১ মার্চের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন দপ্তরের কর্তারা। বর্তমানে শুধু ছায়াছবি নয়, ওটিটি প্লাটফর্মেও বহু ছবি তৈরি হচ্ছে। তার জন্য নতুন নতুন জায়গা খুঁজে বের করছেন সিনেমার সঙ্গে যুক্ত কর্মীরা। তাই রাজ্যেও এমন বহু সম্ভাব্য শ্যুটিং স্পট আছে, যা হয়তো বলিউড বা অন্যান্য রাজ্যের সিনেমার সঙ্গে যুক্ত মানুষজনের কাছে তা অজানা। সে কারণেই রাজ্য এই স্পটের তথ্যপঞ্জি তৈরি করতে উদ্যোগী হয়েছে। যখন যেমন আবেদন আসবে তারা এই তালিকা থেকে জায়গার অপশন সংশ্লিষ্ট সিনেমার নির্দেশক বা যাঁরা এই কাজে যুক্ত তাঁদের দেখানো যাবে। এতদিন এই ধরনের কোনও তথ্য একসঙ্গে ছিল না দপ্তরের কাছে। জেলাগুলির কাছ থেকে এই স্পটগুলি ছাড়াও সেই জায়গাগুলির যোগাযোগ ব্যবস্থা, আশেপাশে থাকার হোটেল, কোন থানার অধীনে ইত্যাদিও জানতে চাওয়া হয়েছে।