


নিউ ইয়র্ক: মন্তেরির বিরুদ্ধে পয়েন্ট নষ্টের ধাক্কা কাটিয়ে ক্লাব বিশ্বকাপে টানা দু’টি ম্যাচে জয় তুলে নিল ইন্তার মিলান। সেই সুবাদে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ ষোলোর টিকিট নিশ্চিত করল ইতালিয়ান ক্লাবটি। বুধবার রিভারপ্লেটকে ২-০ গোলে হারাল তারা। ম্যাচের দুই গোলদাতা যথাক্রমে ফ্রানসেস্কো পিও এস্পোসিতো ও আলেসান্দ্রো বাস্তোনি। উল্লেখ্য, ম্যাচের প্রথমার্ধে ইন্তারকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দেয় রিভারপ্লেট। তবে দ্বিতীয়ার্ধে আর্জেন্তাইন ক্লাবটির দুই ফুটবলার লাল কার্ড দেখেন। সেই সুযোগ কাজে লাগিয়ে সহজেই জয় তুলে নেয় ইন্তার।
দিনের অপর ম্যাচে দক্ষিণ কোরিয়ান ক্লাব উলসান এফসি’কে ১-০ গোলে হারা বরুসিয়া ডর্টমুন্ড। সেই সুবাদে গ্রুপ এফ’এর চ্যাম্পিয়ন হয়েই নক-আউটে পৌঁছল তারা। ম্যাচের একমাত্র গোলটি ড্যানিয়েল সভেনসনের। গ্রুপের অন্য ম্যাচে মামেলোদি সানডাউন্সের বিরুদ্ধে গোলশূন্য ড্র করল ফ্লুমিনেন্সে। তার ফলে তিন ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স হয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করল তারা। উল্লেখ্য, ক্লাব বিশ্বকাপে ব্রাজিলিয়ান ক্লাবগুলির দাপট অব্যাহত। আগেই প্রি কোয়ার্টার-ফাইনালে জায়গা নিশ্চিত করেছিল যথাক্রমে পামেইরাস, বোতাফোগো ও ফ্ল্যামেঙ্গো। এবার সেই তালিকায় যোগ হল ফ্লুমিনিজের নাম।