


নয়াদিল্লি: সময়ের সঙ্গে সঙ্গে দিল্লি বিস্ফোরণকাণ্ডে একাধিক তথ্য সামনে আসছে। এরইমধ্যে ধৃত চিকিৎসক শাহিন শাহিদ সম্পর্কে নতুন তথ্য হাতে পেলেন তদন্তকারীরা। জানা গিয়েছে, মেডিকেল মডিউলের অন্যতম সদস্য শাহিনকে ‘ম্যাডাম সার্জেন’ বলে ডাকত সহযোগীরা। ধৃত ডাক্তারের মোবাইলে থাকা হোয়াটসঅ্যাপ মেসেজ ইতিমধ্যে খতিয়ে দেখা হয়েছে। সূত্রের খবর, ম্যাডাম এক্স ও ম্যাডাম জেড নামে দুই অজ্ঞাতপরিচয় মহিলার সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল শাহিনের। কথা হত মূলত সাংকেতিক শব্দের সাহায্যে। যেমন ‘মেডিসিন’। তদন্তকারীদের অনুমান, এর মাধ্যমে আদতে বিস্ফোরক বোঝানো হতো। ম্যাডাম এক্স একটি হোয়াটসঅ্যাপ মেসেজে লেখে, ‘অপারেশনের জন্য মেডিসিন কম যেন না পড়ে।’ প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, জঙ্গি হামলা বোঝাতে অপারেশন শব্দ ব্যবহার করা হয়েছিল। অন্য একটি মেসেজে ম্যাডাম জেডের বার্তা, ‘ম্যাডাম সার্জেন, দয়া করে অপারেশন হামদর্দকে গুরুত্ব দিন।’ অর্থাৎ, দলে মহিলা জঙ্গির সংখ্যা বৃদ্ধি করতে হবে। অপারেশন হামদর্দ তারই কোড ওয়ার্ড। রিক্রুটমেন্ট থেকে প্ল্যান অব অ্যাকশন- এভাবেই সহযোগীদের সঙ্গে যোগাযোগ রাখত জইশ-ই-মহম্মদের মহিলা শাখার প্রধান শাহিন।