


নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও হাওড়া: পুজোর মুখে পদ্মার রুপোলি ইলিশের সম্ভারে চকচক করছে কলকাতার বাজার।
‘এগুলো পদ্মারই তো?’ বলে প্রায় ঝাঁপিয়ে পড়ল বাঙালি। বৃহস্পতিবার দক্ষিণ কলকাতার লেক মার্কেট একপ্রকার ছেয়ে গিয়েছিল পদ্মার ইলিশে। ব্যবসায়ীদের বক্তব্য, ‘সকালেই ভিড়! ক্রেতারা খবর পেয়েই চলে আসছেন। হাতে তুলে পরখ করে কিনছেন পদ্মার ইলিশ।’ দাম? ‘মধ্যবিত্তর খুব একটা নাগালের মধ্যে যে আছে তা নয়।’ জানা গেল, দেড় কিলোর কাছাকাছি ইলিশের দাম দু’হাজার টাকা প্রতি কিলো। অনেকে পকেটে চাপ পড়া সত্ত্বেও কিনলেন। আর কিনলেন উচ্চবিত্তরা। তবে এদিন উত্তর কলকাতার হাতিবাগান কিংবা পাইকপাড়ার বাজারে পদ্মার ইলিশের দেখা মেলেনি।
বাজারে কান পেতে শোনা গেল, ভোরবেলা ইলিশ নিয়ে প্রথম গাড়িটি হাওড়া পাইকারি মাছ বাজারে ঢোকে। তারপর নিলামে উপচে পড়ে ভিড়। ৫০ মেট্রিক টন ইলিশ বনগাঁ পেরিয়ে এসেছে হাওড়া বাজারে। বেশিরভাগের ওজন ৮০০ গ্রাম থেকে দেড় কিলো। পাইকারি বাজারে নিলামে ১৬০০ থেকে ১৮০০ টাকা প্রতি কিলো দাম উঠেছে। খুচরো বাজারে বেড়ে গিয়ে সে দাম হয়েছে ২০০০ থেকে ২৪০০ টাকা প্রতি কিলো। ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ বলেন, ‘এবছর বাংলাদেশ থেকে ইলিশের জোগান খুব কম। দু’দিনের স্টক মিলিয়ে মাত্র ৫০ মেট্রিক টন এসেছে। স্বাভাবিকভাবেই দাম আকাশছোঁয়া।’ ব্যবসায়ী সমিতির বক্তব্য, ‘গুজরাতের ইলিশে এতদিন স্বাদ মিটিয়েছে মধ্যবিত্ত। সেগুলির সাইজ ছোট। দামও কম।’ হাওড়ার কালীবাবুর বাজার, কদমতলা বাজার, হরগঞ্জ বাজার, শিবপুর বাজার, ইছাপুর বাজারে বাংলাদেশের ইলিশ খুচরো বিক্রি হয়েছে। তবে দাম মধ্যবিত্তের নাগালের বাইরেই ছিল।
অন্যদিকে হাতিবাগান বাজারের ব্যবসায়ী অসীম দাস বললেন, ‘বাংলাদেশের ইলিশ এখনও পর্যন্ত আসেনি। দাম আকাশ ছোঁবে বলেই মনে হচ্ছে। এখন ১২০০ টাকা কেজি দরে এক কিলোরও কম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে।’ পাইকপাড়ার ব্যবসায়ী রাজীব কুণ্ডু বললেন, ‘পদ্মার ইলিশ আজ বা কাল এসে যাবে। কিন্তু দাম মধ্যবিত্তর নাগালে থাকবে না।’ এদিন এক ব্যবসায়ীর মৃত্যুতে গড়িয়াহাট বাজার ছিল বন্ধ। তাই চাপ ছিল লেক মার্কেটে। মার্কেটের এক ব্যবসায়ী সুরজিত্ শিউলি বললেন, ‘৩০ পিস পদ্মার ইলিশ এনেছিলাম। ২৫ পিস বিক্রি হয়ে গিয়েছে। সবই দু’হাজার টাকা কিলো। চাহিদা এখানে ব্যাপক। বেলা ১১টার মধ্যে মার্কেট থেকে ইলিশ উধাও।’
কোনটা পদ্মার ইলিশ, চেনা যাবে কীভাবে? প্রশ্নের উত্তরে মাকসুদ জানালেন, ‘ছোট মাথা আর নাদুসনুদুস চেহারা। পেট হবে মোটা। এটাই হল পদ্মার ইলিশ।’