


নয়াদিল্লি: একজনের হাত ধরে লর্ডসে ১৯৮৩-র বিশ্বকাপে ভারতীয় ক্রিকেটের সূর্যোদয়। অন্যজন, টি-২০ ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন অধিনায়ক। ট্রফি ক্যাবিনেটে ঝলমল করছে চ্যাম্পিয়ন্স ট্রফির তাজ। টেস্ট ক্রিকেটকে আলবিদা জানানোর মুহূর্তে রোহিত গুরুনাথ শর্মাকে প্রশংসায় ভরালেন কপিলদেব। কিংবদন্তির মন্তব্য, ‘রোহিতের মতো ক্রিকেটার চট করে আসে না। অসাধারণ প্রতিভা। দীর্ঘদিন জাতীয় দলের হয়ে উজাড় করে দিয়েছে। রাতারাতি ওর বিকল্প জোগাড় করা সত্যিই কঠিন।’ উল্লেখ্য, বুধবার সন্ধ্যায় বিবৃতি দিয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন হিটম্যান। বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছিল। কিন্তু আইপিএল চলাকালীন তাঁর প্রস্থানে অনেকেই অবাক।
আগামী জুন ৫ টেস্টের সিরিজ খেলতে ইংল্যান্ড সফরে যাবে ভারতীয় দল। সিমিং উইকেটে লাল বলের মোকাবিলা করার জন্য অভিজ্ঞ ব্যাটারের প্রয়োজন। অনেকেরই ধারণা, রোহিত থাকলে পোক্ত হতো মিডল অর্ডার। দেশের হয়ে ৬৭ ম্যাচে ৪৩০১ রান সংগ্রহ করেছেন রোহিত। টেস্ট কেরিয়ারে ১২টি শতরানের মালিক মুম্বইকর। তবে টেস্টকে বিদায় জানালেও একদিনের ক্রিকেট খেলা চালিয়ে যেতে চান রোহিত। ২০২৭ বিশ্বকাপে পুরো ফিট হয়েই মাঠে নানতে চান তিনি। তাই ঠাসা সূচি থেকে নিজেকে সরিয়ে নিতেই টেস্ট ক্যাপ তুলে রাখলেন বলে মনে করা হচ্ছে।