


নয়াদিল্লি: এবার নারী বাহিনী তৈরি করতে চলেছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জয়েশ-ই-মহম্মদ। সন্ত্রাসবাদী সংগঠনের প্রধান মৌলানা মাসুদ আজহারের নামে প্রকাশিত একটি চিঠিতে উল্লেখ, এই বাহিনীর নাম দেওয়া হয়েছে ‘জামাত-উল-মমিনাত’। জানা গিয়েছে, বৃহস্পতিবারই পাকিস্তানের মরকজ উসমান-ও-আলি জঙ্গি প্রশিক্ষণ শিবিরে শুরু হয়েছে নতুন ইউনিটের নিয়োগ। নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র থেকে জানা যাচ্ছে, এই নতুন নারী বাহিনীর নেতৃত্ব দেবে মাসুদ আজহারের বোন সাদিয়া আজহার। সাদিয়ার স্বামী ইউসুফ আজহার ৭ মে অপারেশন সিন্দুরের সময় ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় খতম হয়েছিল।
সূত্রের খবর, প্রয়াত জয়েশ কমান্ডারদের স্ত্রীদের পাশাপাশি জয়েশের বাহাওয়ালপুর, করাচি, মুজাফ্ফরাবাদ, কোটলি, হরিপুর ও মনসেরা শিবিরে পড়াশোনা করা আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলাদেরও এই বাহিনীতে নিয়োগ করা হবে। অপারেশন সিন্দুরের পর থেকে জয়েশ তাঁদের নীতি বদল করেছে বলেই মনে করা হচ্ছে।