


নয়াদিল্লি: ভারত ও পাকিস্তানের যুদ্ধবিরতি নিয়ে বারেবারেই নিজেকে কৃতিত্ব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাণিজ্য বন্ধের হুমকি দিয়ে দুটি দেশকে সংঘাতের রাস্তা থেকে সরিয়ে এনেছেন। আগাগোড়াই এমন দাবি করে এসেছেন তিনি। এবার মার্কিন মুলুকে বসে ট্রাম্পের সেই দাবি খারিজ করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। পাকিস্তানের আর্জিতেই ওই সংঘর্ষবিরতি হয়েছিল বলে ফের জানালেন তিনি। এব্যাপারে জয়শঙ্কর বলেছেন, ‘মার্কিন প্রতিনিধিদের সঙ্গে টেলিফোনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথার সময় আমি ছিলাম।’ সেখানে যুদ্ধবিরতি ও বাণিজ্য সংক্রান্ত কোনও প্রসঙ্গই ওঠেনি বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী।
এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জয়শঙ্কর বলেছেন, ‘৯ মে রাতে যখন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্সের সঙ্গে প্রধানমন্ত্রীর কথা হয়, আমি তখন সেখানেই ছিলাম। ভারতে পাকিস্তানের বড়সড় হামলার আশঙ্কা প্রকাশ করেন ভান্স। এর জবাবে প্রধানমন্ত্রী জানান, এমন হলে তার ফল ভুগতে হবে পাকিস্তানকে। জয়শঙ্কর জানান, ৯ মে রাতে বড়সড় হামলা চালায় পাকিস্তান। তবে ভারতীয় সেনাবাহিনী তা রুখে দিয়েছিল। জয়শঙ্কর আরও বলেন, ‘পরদিন সকালেই মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও আমাকে ফোনে জানান, পাকিস্তান আলোচনার জন্য তৈরি। সেদিনই পাকিস্তানের ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশনস মেজর জেনারেল কাসিফ আবদুল্লার ফোন আসে। তিনি ভারতের ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশনস লেফটন্যান্ট জেনারেল রাজীব ঘাইয়ের কাছে সংঘর্ষবিরতির অনুরোধ করেন।’