


সময় ভালো কাটছে অভিনেত্রী কিয়ারা আদবানির। আর কয়েক মাসের মধ্যে মা হতে চলেছেন তিনি। প্রথম সন্তানের জন্ম দেবেন অভিনেত্রী। পাশাপাশি এ বছর মেট গালায় ডেবিউ করবেন নায়িকা। ঐতিহ্যবাহী ফ্যাশন মঞ্চে কিয়ারার উপস্থিতি তাঁর কেরিয়ারকে অন্যমাত্রায় নিয়ে যাবে বলে মত অনুরাগীদের। গত বছর কানে রেড সি ফিল্ম ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ‘উওম্যান ইন সিনেমা গালা ডিনার’-এ উপস্থিত ছিলেন কিয়ারা। সেখানে তাঁর সাজ নজর কেড়েছিল। ফের আরও এক আন্তর্জাতিক অনুষ্ঠানে তাঁর উপস্থিতির অপেক্ষায় ভক্তরা। চলতি বছরেই মুক্তি পেয়েছিল কিয়ারা অভিনীত ‘গেম চেঞ্জার’। এই ছবিতে তাঁর বিপরীতে কাজ করেন রামচরণ। পাশাপাশি হৃতিক রোশন ও জুনিয়র এনটিআর অভিনীত ‘ওয়ার ২’ ও যশের সঙ্গে ‘টক্সিক’ ছবিতেও অভিনয় করবেন কিয়ারা। এছাড়াও রণবীর সিংয়ের বিপরীতে ‘ডন ৩’ ছবিতে কাজ করার কথা ছিল তাঁর। তবে মাতৃত্বের কারণে সেই ছবি ছেড়েছেন নায়িকা।