


জৌলুস এমন যা চোখ ধাঁধিয়ে দেয়। উজ্জ্বল উপস্থিতি দ্যুতি ছড়ায় প্রতিক্ষণে। চমক জাগায় ‘রাজকীয়’ সাজসজ্জা। ইতিহাস-গল্প, তথ্য-গুজব, স্মৃতি-বিস্মৃতি নিয়ে মেট্রোপলিটন ইনস্টিটিউট অব আর্টস-এর কস্টিউম ইনস্টিটিউটের বার্ষিক ফ্যাশন শো’র দিকে নজর থাকে সকলের। এবারও ব্যতিক্রম নয় নিউ ইয়র্ক সিটির ফ্যাশনের আকর্ষণ মেট গালার রেড কার্পেট। তবে এবার গালিচার রং ছিল নীল। কেরলের একটি সংস্থা তৈরি করে ৬৩ হাজার বর্গফুট আয়তনের এই কার্পেট। ‘সুপারফাইন: টেলরিং ব্ল্যাক স্টাইল’ থিমে ট্রিবিউট জানানো হয় কৃষ্ণাঙ্গ পোশাক বিপ্লবকে। ঝলমলে সাজে প্রত্যেক শিল্পীই হয়ে উঠলেন স্বতন্ত্র।
শাহরুখ ম্যাজিক
প্রথম ভারতীয় অভিনেতা, প্রথম অন্তঃসত্ত্বা ভারতীয় অভিনেত্রীর লাল গালিচায় ডেবিউ— ভারতীয়দের জন্য চমকের অন্ত ছিল না এবার। কালো রঙের ওভারকোট, কালো শার্ট, কালো ট্রাউজার্স, ডিজাইনার গয়না। চোখে সানগ্লাস। ব্যাকব্রাশ করা চুল। রত্নখচিত ঘড়ি। কমপক্ষে আটটি আংটি। হাতে বাঘ মুখের ছড়ি। বাঙালি পোশাকশিল্পী সব্যসাচী মুখোপাধ্যায়ের তৈরি মেট গালা লুকে শাহরুখ খান হয়ে উঠেছিলেন বাস্তবের ‘কিং’। তিনি যেন এলেন, দেখলেন আর জয় করলেন। বলিউডের পর্দায় তিনি উপস্থিত হলে যে ম্যাজিকের অপেক্ষায় থাকেন দর্শক, সেটাই যেন ছড়িয়ে পড়ল ফ্যাশন সরণীতে। প্রথম ভারতীয় অভিনেতা হিসেবে তাঁর মেট গালা ডেবিউ অনুরাগীদের হৃদয়ে থেকে যাবে। মেট গালার মঞ্চে বহু তারকাকে চিনতে পারেন না আলোকচিত্রীরা। সুপারস্টার শাহরুখ খানকেও চিনতে পারেননি কয়েকজন। অভিনেতা নিজেই এগিয়ে এসে তাঁর পরিচয় দেন। বলেন, ‘এটা আমার প্রথম রেড কার্পেট। আমি এখানে শিশুর মতোই। নতুন। সব্যসাচী মনে করেছিল, আমার এখানে আসা উচিত। তাই এসেছি।’ এভাবেই বোধহয় ম্যাজিক তৈরি হয়, মত অনুরাগীদের।
কিয়ারার রেকর্ড
এর আগে কোনও ভারতীয় অভিনেত্রী অন্তঃসত্ত্বা অবস্থায় মেট গালার মঞ্চে হাঁটেননি। প্রথমবার সেই কাজ করলেন কিয়ারা আদবানি। ভারতীয় পোশাকশিল্পী গৌরব গুপ্তার ডিজাইন করা কালো গাউনে সেজেছিলেন নায়িকা। কালো পোশাকে সোনালি রঙের জরি দিয়ে ফুটিয়ে তোলা হয়েছিল মা এবং শিশুর নাড়ির টানের মোটিফ। প্রয়াত ফ্যাশন আইকন আন্দ্রেঁ লিও তালেকে এই সাজের মাধ্যমে শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন গৌরব ও কিয়ারা। গত বছর কান চলচ্চিত্র উৎসবে ঐশ্বর্য রাই বচ্চন যে গাউন পরেছিলেন, তার সঙ্গে তুলনা হয়েছে কিয়ারার গাউনের। অভিনেত্রীর সঙ্গে নিউ ইয়র্ক গিয়েছিলেন স্বামী সিদ্ধার্থ মালহোত্রাও।
ব্যতিক্রমী দিলজিৎ
পাঞ্জাবী সংস্কৃতিকে ফ্যাশন মঞ্চে তুলে ধরেছিলেন অভিনেতা-গায়ক দিলজিৎ দোসাঞ্জ। পাটিয়ালার মহারাজা ভূপিন্দর সিংয়ের থেকে অনুপ্রাণিত হয়ে প্রবাল গুরুংয়ের পোশাকে সেজেছিলেন দিলজিৎ। তাঁর পরনে ছিল দুধ সাদা কুর্তা, তেহমত, গয়না আর রত্নখচিত পাগড়ি। পপ তারকা শাকিরার পাশেই বসেছিলেন দিলজিৎ। ইংরেজিতে সাক্ষাৎকার দেওয়ার জন্য শাকিরার থেকে সাহায্যও চান তিনি।
পুরনো প্রেম
২০১৭ সালে প্রথমবার মেট গালায় ডেবিউ করেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। স্বামী নিক জোনাসের সঙ্গে রেড কার্পেটে আসেন প্রিয়াঙ্কা। পরনে সাদার উপরে কালো পোলকা ডট দেওয়া ফিটেড গাউন। ফ্রান্সের তারকা পোশাকশিল্পী অলিভিয়ার রুস্টিং ডিজাইন করেছিলেন তাঁর পোশাক। তবে চর্চার বিষয় অন্য। শাহরুখের সঙ্গে পোশাকের ‘রং মিলান্তি’। দুই তারকার প্রেম নিয়ে দীর্ঘদিন চর্চা ছিল বলি পাড়ায়। সেই জল্পনাই নতুন করে মাথাচাড়া দিয়েছে মেট গালার আসরে। এছাড়াও সব্যসাচী, মণীশ মালহোত্রা, ঈশা আম্বানিও হেঁটেছেন মঞ্চে।
পোশাক বিতর্ক
কিয়ারা ছাড়াও অন্তঃসত্ত্বা অবস্থায় মঞ্চে আসেন সঙ্গীতশিল্পী রিয়ানা। তৃতীয়বার মা হতে চলেছেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন সঙ্গী তথা র্যাপার অ্যাসাপ রকি। ডেমি মুর, গায়িকা চ্যাপেল রোন, কাইলি জেনার, সাবরিনা কার্পেন্টার, অভিনেত্রী জেন্ডায়ার সাজও নজরকাড়া। ব্ল্যাক পিঙ্কের গায়িকা লিসা তাঁর সাজের মাধ্যমে ট্রিবিউট দিতে চেয়েছিলেন আমেরিকার অ্যাক্টিভিস্ট রোজা পার্ককে। তবে তাঁর পোশাক নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। বাস্কেটবল প্লেয়ার লেব্রন জেমসকে এ বছর সভাপতি মনোনীত করা হয়েছিল। তবে গত সপ্তাহে হাঁটুতে আঘাত পান তিনি। আসতে পারেননি অনুষ্ঠানে।
ফ্যাশন বিপ্লব
সবমিলিয়ে, এবারের মেট গালা কেবল পোশাক প্রদর্শনীর অনুষ্ঠানেই সীমাবদ্ধ থাকেনি। সাক্ষী থাকল কৃষ্ণাঙ্গদের ফ্যাশন বিপ্লবের। তাঁদের আত্মবিশ্বাস, অস্তিত্ব রক্ষার সংগ্রামের। ইতিহাসের ক্যানভাসে শিল্পীরা সুচারু ভঙ্গিতে এঁকে দিলেন এক অন্যরকম গর্বের কাহিনি।