


গুয়াহাটি: ‘ডিয়ার বৈভব, ওয়েল ডান।’ বিস্ময় প্রতিভার টুপিতে সই করছেন কিংবদন্তি বিরাট কোহলি। সেই ছবি এক্স হ্যান্ডলে পোস্ট করেছে রাজস্থান রয়্যালস। মুহূর্তে ভাইরাল সোনালি মুহূর্তের ঝলক। ২৪ ঘণ্টা আগেই গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে রানের বন্যা বইয়েছে ১৫ বছরের বিস্ফোরক ওপেনার। কোহলিদের বিরুদ্ধে ২৬ বলে তার ৭৮ রানের ইনিংস যেন ছোটখাট টর্নেডো! চলতি টুর্নামেন্টের অন্যতম সেরা। একদিন পরেও ঘোর কাটছে না বিশেষজ্ঞদের। কিং কোহলিও মুগ্ধ। ম্যাচের পর বাঁ হাতি ব্যাটারের টুপিতে সই করে শুভেচ্ছা জানিয়েছেন ভিকে। কিং কোহলির সার্টিফিকেট নিঃসন্দেহে আরও উদ্বুদ্ধ করবে বৈভবকে।
চলতি আইপিএলে ৪ ম্যাচে ২০০ রান হয়ে গিয়েছে তার। এই মুহূর্তে টুর্নামেন্টের সর্বাধিক স্কোরার। অরেঞ্জ ক্যাপের মালিককে নিয়ে বোলারদের রাতের ঘুম উবে যাওয়ার জোগাড়। মুম্বইয়ের বিরুদ্ধে বুমরাহকেও রেয়াত করেনি সে। সাদা বলের ক্রিকেটে গোটা বিশ্ব সমীহ করে বুমরাহকে। সেই ‘বুমবুম’কেও এক ওভারে দু’বার গ্যালারিতে পাঠিয়ে চমকে দিয়েছে বিহারের তরুণ তুর্কি। বিস্ময়ের ঘোর কাটছে না আরবিসি’র অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমারের। ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে রীতিমতো আবেগাপ্লুত দেখাল তাঁকে। ভুবি বলেছেন, ‘অবিশ্বাস্য! বয়সের তুলনায় বৈভব অনেক বেশি পরিণত। ওর ব্যাটিং দেখে আমি স্তম্ভিত হয়ে গিয়েছি।’