


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শিয়ালদহ ডিভিশনে অত্যন্ত জনপ্রিয় ট্রেন কলকাতা-লালগোলা প্যাসেঞ্জার। মুর্শিদাবাদ ও কলকাতার মধ্যে সেতুবন্ধনকারী এই ট্রেনটি সাধারণ লোকাল হিসেবেই চলত। অর্থাৎ স্বল্প দূরত্বের যাত্রীদের পরিষেবা দেওয়ার জন্য ব্যবহৃত ট্রেন চলত এই রুটে। কিন্তু দীর্ঘ পথে বহু যাত্রীর শৌচাগার ব্যবহারের প্রয়োজন পড়ত। কিন্তু ট্রেন সফরে সেই সুযোগ পেতেন না তাঁরা। যাত্রীদের সভ্রম রক্ষায় এবার কলকাতা-লালগোলা প্যাসেঞ্জারে বাড়তি পরিষেবা যুক্ত হচ্ছে। সম্প্রতি আসা নয়া মেমু (মেইনলাইন ইলেকট্রিক মাল্টিপল ইউনিট) রেক এবার কলকাতা-লালগোলা প্যাসেঞ্জার হিসেবে চলবে। যেখানে যাত্রীদের জন্য শৌচাগারের পরিকাঠামো থাকবে। আজ শুক্রবার থেকে নয়া এই ট্রেনটি আপ-ডাউনে সংশ্লিষ্ট রুটে চলাচল করবে। অর্থাৎ দীর্ঘযাত্রা পথে এবার প্রকৃতির ডাক এলেও যাত্রীদের কপালে আর ভাঁজ পড়বে না।