


অর্ক দে, কলকাতা: মিলেট মেলার আয়োজনে কলকাতা পুরসভা। পুরসভার স্বাস্থ্য বিভাগের আওতায় ফুড সেফটি শাখা আগামী ১৯ মার্চ সার্দান অ্যাভিনিউর বিবেকানন্দ পার্ক উদযাপন কমিউনিটি হলে এই মিলেট মেলার আয়োজন করতে চলেছে। স্বাস্থ্যকর্তারা জানাচ্ছেন, মূলত ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণে এই মিলেট জাতীয় খাদ্যবস্তু যথেষ্ট কার্যকরী। তাই শহরের মানুষের মধ্যে মিলেট জাতীয় খাবার সম্পর্কে প্রচার করতে এই আয়োজন করা হচ্ছে। মিলেট জাতীয় খাদ্য জোয়ার, বাজরা কিংবা রাগি থেকে যে নানা ধরনের খাবার প্রস্তুত হয়, সেগুলি এই মেলার মাধ্যমে তুলে ধরা হবে।
পুরসভার আধিকারিকরা জানাচ্ছেন, এই মিলেট জাতীয় খাদ্যবস্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণে যথেষ্ট কাজে আসে। মিলেটে গ্লাইসেমিক ইনডেক্স অর্থাৎ যা রক্তের শর্করার পরিমাণ বাড়ায়, তা অনেক কম থাকে। ফলে ডায়াবেটিস হয় না। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এই মিলেট জাতীয় খাবারের উপর প্রচার করেছেন। এক পুরকর্তা বলেন, সমীক্ষায় দেখা গিয়েছে, ভাত, আটা কিংবা ময়দার রুটি শরীরে-রক্তে শর্করার পরিমাণ বাড়ায়। বাংলা তথা দেশের পূর্বাঞ্চলে বিভিন্ন রাজ্যে মিশ্র খাদ্যাভাস থাকায় সেটা ততটা প্রকট নয়। কিন্তু দেখা গিয়েছে, রাজস্থানে মিলেট জাতীয় খাবার যথেষ্ট প্রচলিত। সেখানে ডায়াবেটিসের রোগী অনেক কম। আবার মধ্যপ্রদেশ কিংবা পাঞ্জাবের মত রাজ্যে ডায়াবেটিসের রোগী বেশি। মূলত এই ধরনের খাবারের গুণাগুণ সম্পর্কে মানুষকে অবহিত করতেই এই মিলেট মেলার আয়োজন করা হচ্ছে।