


মুম্বই: মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধেকে ‘বিশ্বাসঘাতক’ বলে শিবসেনার (সিন্ধেপন্থী) রোষের মুখে পড়েছেন স্ট্যান্ড আপ কমেডিয়ান কুণাল কামরা। এই পরিস্থিতিতে সামনে এসেছে তাঁর আরও এক কীর্তি। কৌতুকশিল্পী কুণালের মশকরা থেকে বাদ যায়নি প্রতিষ্ঠিত বিনোদন মাধ্যমও। পছন্দ নয় বলে হেলায় ফিরিয়ে দিয়েছেন রিয়েলিটি শো ‘বিগ বস’-এর আগামী সিজনে যোগ দেওয়ার প্রস্তাব। বিগ বসের কাস্টিং ডিরেক্টর কুণালকে জানান, ‘অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আপনার নাম ভাবা হচ্ছে। আপনার যোগদানে অনুষ্ঠান আকর্ষণীয় হয়ে উঠবে। জানি এটি আপনার যোগ্য জায়গা নয়। তবে অনুষ্ঠানে যোগ দিয়ে আপনার প্রতিভা প্রকাশ করতে পারবেন। বহু দর্শক পাবেন। কি বলছেন? আমরা কি আপনার কথা ভাবতে পারি?’ উত্তরে কুণাল লেখেন, ‘অনুষ্ঠানে অংশগ্রহণ করার থেকে আমি কোনও মানসিক হাসপাতালে ভর্তি হব।’ কুণাল এই কথোপকথনের স্ক্রিনশট তুলে দিয়েছেন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে।
এদিকে, একনাথকে নিয়ে বিরূপ মন্তব্য করার জন্য কুণালের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। মাদ্রাজ হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছেন তিনি। গ্রেপ্তারির আশঙ্কায় আর মহারাষ্ট্রেও যাননি তিনি। তাঁর বিরুদ্ধে তিনবার সমন জারি করেছে মুম্বই পুলিস। তবে প্রতিবারই হাজিরা এড়িয়ে গিয়েছেন তিনি।