


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সদ্য মিটেছে শিল্প কনক্লেভ। দরজা খুলেছে নয়া বিনিয়োগের। এবার শ্রমিক স্বার্থ বজায় রেখে সফল শিল্পায়নের লক্ষ্যে বড়োসড়ো পদক্ষেপ নিল নবান্ন। বন্ধ কলকারখানার জমিতে নয়া বিনিয়োগ টানতে একাধিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগের ফলে বিনিয়োগ প্রস্তাবও আসতে শুরু করেছে। এই পরিস্থিতিতে রাজ্যের তরফে ‘কারখানা বা ইন্ডাস্ট্রির’ জমির চরিত্র বদল বা কনভার্সনের ক্ষেত্রে শ্রমদপ্তরের ছাড়পত্র বাধ্যতামূলক করল কেন্দ্র। অর্থাৎ, এই ধরনের জমির চরিত্র বদল করতে গেলে এবার থেকে প্রয়োজন পড়বে শ্রমদপ্তরের দেওয়া ‘নো অবজেকশন সার্টিফিকেটের’। জানা গিয়েছে, ১৬ ডিসেম্বর এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রাজ্য ভূমি সংস্কার দপ্তরের তরফে। তবে ১৯৫৩ সালের ওয়েস্ট বেঙ্গল এস্টেট অ্যাকুইজিশন অ্যাক্টের ছয়ের তিন ধারার অধীনস্ত কোনও মিল বা কারখানার জমির ক্ষেত্রে এই নিয়ম লাগু হবে না।
সূত্রের খবর, একটি কারখানার জমির চরিত্র বদল হওয়ার আগে সেই কারখানার শ্রমিকদের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে কি না দেখে নেওয়া সুনিশ্চিত করতেই শ্রমদপ্তরের তরফে এই প্রস্তাব দেওয়া হয়েছিল। এবার তাঁদের এই প্রস্তাব মেনেই নয়া নিয়েম চালু করল ভূমি সংস্কার দপ্তর।
রাজ্যের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে, মার্চেন্টস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ডেপুটি ডিরেক্টর জেনারেল শুভাশিস রায় জানিয়েছেন, এই অভিযোগ আগেই নেওয়া উচিত ছিল। এক দিকে যেখানে পড়ে থাকা জমিতে বিনিয়োগ হবে, অন্যদিকে সংশ্লিষ্ট কারখানার সঙ্গে জড়িত শ্রমিকরাও উপকৃত হবেন। দুই ক্ষেত্রেই কাজে আসবে এই নিয়ম।