


পাটনা, ১ জুন: সোশ্যাল মিডিয়ায় প্রেমিকার সঙ্গে ছবি পোস্টকে কেন্দ্র করে বিতর্কের মধ্যে জড়িয়ে পড়েন লালুপুত্র তেজপ্রতাপ যাদব। তাঁকে দল ও পরিবার থেকে বহিষ্কার করেন আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব। সঙ্গে তিনি বলেন,‘তেজপ্রতাপের ব্যক্তিজীবনে কোনও নৈতিক মূল্যবোধ নেই। আর এই মূল্যবোধের অভাব সামাজিক ন্যায়বিচারের স্বার্থে সমষ্টির সংগ্রামকে ক্রমশ দুর্বল করে দেয়। একজন নেতার ক্ষেত্রে যা কখনও কাম্য নয়। তাই তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিবারের তরফেও তাঁর সঙ্গে কোনও সম্পর্ক রাখা হবে না।’
ছয় বছরের জন্য বহিষ্কার করা হয় তেজপ্রতাপকে। যদিও তিনি দাবি করেন তাঁর অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। তিনি নিজে ওই ছবি পোস্ট করেননি। কিম্তু দল ও পরিবার থেকে ত্যাজ্য হওয়ার পর অবশেষে আজ, রবিবার মুখ খুলেছেন লালুর জ্যেষ্ঠপুত্র। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘আমার প্রিয় মা ও বাবা, আমার গোটা পৃথিবীটাই তোমরা দু’জনকে কেন্দ্র করে। তোমাদের আদেশে আমার কাছে ঈশ্বরের থেকেও বড়। তোমরা থাকলে আমার কাছে সব কিছু আছে। আমি শুধু তোমাদের বিশ্বাস ও ভালোবাসাই চাই, আর কিছু নয়। বাবা তুমি যদি না থাকতে তবে এই দল থাকত না। শুধু তা-ই নয়, জয়চাঁদের মতো লোভী কিছু মানুষ, যাঁরা আমার সঙ্গেই রাজনীতি করেছেন, তাঁদেরও ঠাঁই হত না।’
তেজপ্রতাপের এই বক্তব্যে এখনও পর্যন্ত কিছুই জানাননি লালুপ্রসাদ। ছবি বিতর্কে তেজস্বী গত সপ্তাহেই বলেন, ‘আরজেডি ব্যক্তিগত এবং রাজনৈতিক আচরণের মধ্যে স্পষ্ট বিভাজন বজায় রাখতে জানে।’ তেজপ্রতাপ নিজের বক্তব্যে ‘জয়চাঁদ’ বলতে বিশ্বাসঘাতকের কথা বলেছেন। চলতি বছরেই বিহারের বিধানসভা নির্বাচন। তার আগে যাদব পরিবারের এই গণ্ডগোল বিহারের রাজনীতিতে অন্য কোনও মাত্রা দিতে পারে বলে মত রাজনৈতিক মহলের।