


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের দুঃসংবাদ বিনোদন জগতে। প্রয়াত জনপ্রিয় টলি অভিনেত্রী শ্রাবণী বণিক। দীর্ঘদিন ধরে ক্যানসারের আক্রান্ত ছিলেন। চলছিল চিকিৎসাও। তবে শেষরক্ষা হল না। আজ, সোমবার সকাল ৯টা নাগাদ রাজারহাটের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ফুসফুসের ক্যানসার এবং মেটাস্টেসিসে ভুগছিলেন শ্রাবণী বণিক। যার চিকিৎসার খরচও ছিল ব্যয়বহুল।
চিকিৎসার জন্য সোশ্যাল মিডিয়াতেও আর্থিক সাহায্য চেয়েছিলেন শ্রাবণীর ছেলে অচ্যুত। মায়ের চিকিৎসার জন্য ১২ লক্ষ টাকার প্রয়োজন বলে জানিয়েছিলেন। তাতে সাড়াও মিলেছিল। কিন্তু হাসপাতাল সূত্রে খবর, গত কয়েক সপ্তাহে অভিনেত্রীর শারীরিক অবস্থার অবনতি ঘটেছিল। অবশেষে আজ না ফেরার দেশে পাড়ি দিলেন তিনি। তাঁর মৃত্যুতে টেলিপাড়ায় শোকের ছায়া। ইতিমধ্যেই শোকপ্রকাশ করেছেন তাঁর আত্মীয়-পরিজন, সহকর্মী ও অনুরাগীরা।
উল্লেখ্য, শ্রাবণী বণিক ছিলেন টলি পাড়ায় ছোটপর্দার এক পরিচিত নাম। লালকুঠি, গোধূলি আলাপ, রাঙাবউ, মিষ্টু, সোহাগ চাঁদ-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে তাঁর অভিনয় দর্শকদের মন জয় করেছিল।