


নিউ ইয়র্ক: গত ম্যাচে জোড়া গোলে দলকে হারের কিনারা থেকে টেনে তুলে মূল্যবান তিন পয়েন্ট এনে দিয়েছিলেন লায়োনেল মেসি। শনিবার মেজর লিগ সকারে আরও একবার ইন্তার মায়ামিকে টানলেন আর্জেন্তাইন মহাতারকা। টানা দু’ম্যাচে জাল কাঁপালেন লিও। সেই সুবাদে অ্যাওয়ে ম্যাচে ডিসি ইউনাইটেডকে ২-১ গোলে হারাল ডেভিড বেকহ্যামের দল। ম্যাচে মেসির পাশাপাশি স্কোরশিটে নাম তোলেন রডরিগো ডে পল। ডিসি ইউনাইটেডের একমাত্র গোলটি তাই বারিবোর। এই জয়ের সুবাদে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে চতুর্থ স্থানে উঠে এল ইন্তার মায়ামি। সেই সঙ্গে বিশ্বকাপের আগে মেসির দুরন্ত ফর্ম স্বস্তিতে রাখছে আর্জেন্তিনা অনুরাগীদের। চলতি মাসের শেষেই ফিনালিসিমা ফাইনালে স্পেনের মুখোমুখি হবে তিনবারের বিশ্বচ্যাম্পিনরা। প্রথমে এই ম্যাচে কাতারের লুসেইল স্টেডিয়ামে হওয়ার কথা ছিল। তবে ইরান বনাম আমেরিকার যুদ্ধের প্রভাব পড়েছে মধ্যপ্রাচ্যের দেশটিতে। তাই কাতারের পরিবর্তে এই ম্যাচটি মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যুতে হওয়ার সম্ভাবনা বাড়ছে।