


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাত সকালে শহরে মর্মান্তিক দুর্ঘটনা। লরির ধাক্কায় গুরুতর জখম হল পঞ্চম শ্রেণীর এক স্কুল পড়ুয়া। আজ, বুধবার সকাল ৬টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে বেঙ্গল কেমিক্যালের কাছে। প্রত্যক্ষদর্শীর জানিয়েছেন, এদিন সকালে বাবার বাইকের পিছনে বসে স্কুলে যাচ্ছিল ওই ছাত্রটি। ইএম বাইপাস-বেঙ্গল কেমিক্যাল হয়ে বিধাননগরের দিকে যাচ্ছিল বাইক। সেইসময় বেঙ্গল কেমিক্যালের কাছে আচমকাই একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটিতে সজোরে ধাক্কা মারে।
দুর্ঘটনায় বাইক থেকে ছিটকে পড়ে যায় স্কুল পড়ুয়া। এরপর লরি ওই ছেলেটির পায়ের উপর দিয়ে চলে যায়। জানা গিয়েছে, সে বিধাননগর মিউনিসিপ্যাল স্কুলের ছাত্র। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এরপর এলাকাবাসীরা ধরে ফেলেন লরির চালককে। পরে ফুলবাগান থানার পুলিশ এসে চালককে আটক করে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।