


বিশ্বজিৎ দাস, কলকাতা: সন্দীপনের শিফটিং ডিউটি। অফিস সল্টলেকের ৫ নম্বর সেক্টরে। বিয়ে করেছেন বছরখানেক হল। স্ত্রী প্রাইভেট হাসপাতালের নার্স। তাঁরও ডিউটির ঠিকঠিকানা নেই। ২৪ ঘণ্টায় দেখাসাক্ষাৎ বড়জোর আধ ঘণ্টা পঁয়তাল্লিশ মিনিটের। হয় তিনি বাড়ি ঢোকেন, স্ত্রী রওনা দেন। নয়তো উলটোটা। জীবনে শান্তি ব্যাপারটা উবেই গিয়েছে। তার মধ্যে বাবার শরীরটা কদিন মোটেই ভালো যাচ্ছে না। মাঝেমাঝে মনে হচ্ছে, আর কিছুদিন এভাবে চললে তিনি পাগল হয়ে যাবেন!
সন্দীপনের মতো সংসার আর অফিসের জাঁতাকলে পড়ে পিষে যাচ্ছেন মধ্যমগ্রামের রচনা, বিবেকানন্দ রোডের সৌম্য—অনেকেই। সবাই আশপাশের কোম্পানিগুলিতে কাজ করেন। গলা অবধি ডুবে আছেন স্ট্রেসে।
এহেন শিল্পতালুকের তরুণ-তরুণীদের জন্য সুসংবাদ। শুধু তাঁদের জন্যই নয়, টেনশন, স্ট্রেস, উৎকণ্ঠায় চল্লিশ পেরোতে না পেরোতে সুগার, প্রেশার বাধিয়ে ফেলা হাজার হাজার নওজওয়ানদের ‘শান্ত করতে’, ‘উদ্বেগ কমাতে’, ‘ঠান্ডা রাখতে’ এবার ইকো পার্কে তৈরি হতে চলেছে ধ্যানের সুবিশাল কেন্দ্র। শুধু ধ্যানই নয়, অস্থির জীবনকে স্থির করতে সেখানে গেলে মিলবে যোগা বিশারদের সাহায্য। থাকবে পঞ্চকর্ম, স্ট্রেস ম্যানেজমেন্টের থেরাপিও। স্বাস্থ্যদপ্তর সূত্রের খবর, জাতীয় আয়ুষ মিশনের (ন্যাম) কর্মসমিতির বৈঠক ছিল ২৭ জানুয়ারি। সেখানেই এই পরিকল্পনায় সায় মিলেছে। সিদ্ধান্ত হয়েছে, ইকো পার্কের ৩ একর হার্বাল গার্ডেন বা ভেষজ উদ্যানে মনোরম প্রাকৃতিক পরিবেশের মধ্যেই তৈরি করা হবে এই ওয়েলনেস সেন্টার। সেখানেই হবে এই ধ্যান ও যোগব্যায়াম কেন্দ্র। শুধু ইকো পার্কেই নয়, সুবিশাল ওয়েলনেস সেন্টার করবার সিদ্ধান্ত হয়েছে উত্তরবঙ্গেও। একটি করা হবে কোচবিহার রাজবাড়িতে। অন্যটি শিলিগুড়িতে। উদ্দেশ্য একই। ওষুধ, অ্যান্টিডিপ্রেসেন্ট, পুরিয়া বা টোটকা ছাড়াই মেডিটেশন, যোগা ইত্যাদির মাধ্যমে লাইফস্টাইল ডিজিজ প্রতিরোধ ও প্রতিকার। একইসঙ্গে স্ট্রেস ম্যানেজমেন্ট। ইকো পার্কের ওয়েলনেস সেন্টারটি ছাড়াও শিক্ষিত-উচ্চশিক্ষিতদের আধুনিক শহর নিউটাউনে তৈরি হবে একটি স্বয়ংসম্পূর্ণ আয়ুষ হাসপাতালও। সেখানে থাকবে একটি স্কিল ল্যাবরেটরিও।
রাজ্যে বর্তমানে দুটি সরকারি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ রয়েছে। দেশবন্ধু পার্ক লাগোয়া এশিয়ার অন্যতম প্রাচীন জে বি রায় স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ এবং রাজবাজার লাগোয়া ইনস্টিটিউট অব পোস্ট গ্র্যাজুয়েট আয়ুর্বেদিক এডুকেশন অ্যান্ড রিসার্চ, যা অনেকের কাছেই পরিচিত শ্যামাদাস বৈদ্য শাস্ত্রপীঠ নামে। এ দুটি ছাড়াও আলিপুরদুয়ারের তপসিখাতায় আরো একটি সরকারি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ গড়বার পরিকল্পনা শুরু হয়েছে।